ভালো খবর পেলেন না পোশাকমালিকেরা
এবারের বাজেট থেকে রপ্তানিমুখী তৈরি পোশাকমালিকেরা ভালো খবর পেলেন না। তৈরি পোশাক রপ্তানি করলে মোট রপ্তানিমূল্যের উৎসে কর হিসেবে ১ শতাংশ কেটে রাখা হবে। এটাই চূড়ান্ত কর দায় হিসেবে বিবেচিত হবে। বছর শেষে নতুন করে বাড়তি কর দিতে হবে না।
বহির্বিশ্বে ভাবমূর্তি সংকট ও রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে ২০১৪ সালের এপ্রিল মাসে তৈরি পোশাক খাতের মালিকদের সুরক্ষা দিতে বিশেষ উদ্যোগ নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ খাতের ওপর উৎসে কর দশমিক ৮ শতাংশ থেকে নামিয়ে দশমিক ৩ শতাংশ নির্ধারণ করে। এর মেয়াদ বেঁধে দেওয়া হয় ২০১৫ সালের জুন মাস পর্যন্ত। গত ১৫ মাসে রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা।
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় এ বিশেষ সুবিধার মেয়াদ বৃদ্ধির ঘোষণা না দিয়ে বাড়তি কর আরোপের প্রস্তাব করেন। তৈরি পোশাক খাতের মধ্যে নিট, ওভেন, টেরিটাওয়েল, কার্টন ও সরঞ্জামাদি রপ্তানির ক্ষেত্রেও একই হারে কর বসবে।
অন্যদিকে তৈরি পোশাক খাত ছাড়া হিমায়িত খাদ্য, পাট, চামড়া, সবজি ও প্যাকেটজাত খাদ্য রপ্তানি করলেও উৎসে কর হার বৃদ্ধি করা হয়েছে। এসব খাতেও রপ্তানি মূল্যের ওপর ১ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। এসব খাতে বর্তমানে দশমিক ৬ শতাংশ হারে উৎসে কর রয়েছে। এর মেয়াদও শেষ হচ্ছে এ মাসেই।