ভালো গ্রহীতাদের স্বীকৃতি দিল এইচএসবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালো গ্রাহকদের স্বীকৃতি দিতে আয়োজিত অনুষ্ঠান শেষে ফটোসেশন l ছবি: এইচএসবিসি
ভালো গ্রাহকদের স্বীকৃতি দিতে আয়োজিত অনুষ্ঠান শেষে ফটোসেশন l ছবি: এইচএসবিসি

রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনের অনুষ্ঠানে আমন্ত্রিত শুধু ভালো গ্রাহকেরা। কমপক্ষে তিন বছর ধরে ঋণ নিয়মিত রয়েছে এবং নির্দিষ্ট সময়ে কিস্তি পরিশোধ করেছেন, এমন ভালো গ্রাহকদের স্বীকৃতি জানাতেই ছিল এই আয়োজন। স্বীকৃতি প্রদান করল বিশ্বের শীর্ষ ঋণদাতা প্রতিষ্ঠান দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)।
অনুষ্ঠানে দেখা গেল এসিআই, প্রাণ-আরএফএল গ্রুপ, মালেক স্পিনিং, এনার্জিপ্যাক, ডিবিএল, ভিয়েলাটেক্সসহ আরও বেশ কয়েকটি ভালো প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের। তবে ব্যাংকটির পক্ষ থেকে কারও নাম প্রকাশ করা হয়নি।
ভালো গ্রাহকদের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, ‘অনেক সময় অনিচ্ছা স্বত্ত্বেও খারাপ গ্রাহকদের বিভিন্ন সুবিধা দেওয়া হয়। তাদের জন্য নীতিমালা শিথিল করা হয়। পুনঃ তফসিল, পুনর্গঠন সুবিধা দেওয়া হয়। বাধ্য হয়ে এসব সুবিধা দিতে হয়। তবে দেশ যে এগিয়ে যাচ্ছে, তার সারথি ভালো গ্রাহকেরা, আপনারা।’
অনুষ্ঠানে জানানো হয়, ভালো ঋণগ্রহীতাদের অতিরিক্ত কিছু সুবিধা প্রদানের মাধ্যমে উৎসাহিত করার জন্য ২০১৫ সালের মার্চে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনা জারি করে। নির্দেশনা অনুযায়ী, যেসব গ্রাহক নিয়মিতভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করেছেন, তাঁদের ঋণ হিসাবের বিপরীতে উক্ত বছরে আদায়কৃত সুদের কমপক্ষে ১০ শতাংশ রেয়াত সুবিধা প্রদান করতে হবে। এইচএসবিসি ২০১৫ সালের হিসাব অনুযায়ী চলতি মাসেই এ সুবিধা প্রদান করবে। ভালো গ্রাহকেরা ২০১৫ সালে আদায়কৃত সুদের ওপর কমপক্ষে ১০ শতাংশ ফেরত পাবেন।
অনুষ্ঠানে এস কে সুর চৌধুরী বলেন, ‘ভালো গ্রাহকদের সুবিধা দিতে নীতিমালা করার পর বিভিন্ন ব্যাংক থেকে চাপ ছিল যে ২০১৬ সাল থেকে তা কার্যকর করতে হবে। তবে আমরা ২০১৫ সাল থেকেই তা কার্যকরে বাধ্য করেছি। সব ব্যাংককেই ভালো গ্রাহকদের এ সুবিধা দিতে হবে।’
অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী বলেন, ‘আমরা শুরু থেকেই ভালোভাবে ব্যাংকিং লেনদেন করে আসছি। বছর শেষ হচ্ছে, এ সময়ে এসে এমন স্বীকৃতি আমাদের জন্য বড় চমক।’
এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা বলেন, ‘বিশ্বাস ও সুশাসন ছাড়া একটি প্রতিষ্ঠান ভালো করতে পারে না। বিশ্বাসের ক্ষমতা বিস্ময়কর। এ দুটোকে ধারণ করেই আমাদের দেশটাকে এগিয়ে নিতে হবে।’
মালেক স্পিনিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এ মতিন চৌধুরী বলেন, ‘দেশটাকে আমাদের আরও সামনে এগিয়ে নিতে হবে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রাঁসোয়া দ্য ম্যারিকো বলেন, ‘গ্রাহক সম্পর্ককে আমরা সব সময়ই প্রাধান্য দিয়ে থাকি। আমরা গর্বের সঙ্গে বলতে পারি, প্রায় সব গ্রাহকই ব্যাংকিং নীতিমালা যথাযথভাবে পালন করে আসছেন। আমরা এসব গ্রাহককে স্বীকৃতি প্রদান করতে পেরে আনন্দিত।’
এইচএসবিসি বাংলাদেশের উপপ্রধান নির্বাহী ও করপোরেট ব্যাংকিং প্রধান মাহবুবউর রহমান বলেন, ভালো গ্রাহকদের এ স্বীকৃতি অন্য গ্রাহকদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। তাঁরাও ভালো হওয়ার চেষ্টা করবেন। কিছু মানুষের নিজস্ব মূল্যবোধ, বিশ্বাস এবং নিজের ও প্রতিষ্ঠানের সংস্কৃতিকে স্বীকৃতি দিতেই এ আয়োজন।
মাহবুবউর রহমান বলেন, যাঁরা ভালো ঋণগ্রহীতা, তাঁরা অন্যান্য গুণের ফলেই ভালো, শুধু সুদে রেয়াত পাওয়াটাই একমাত্র নির্ণায়ক নয়। এ উদ্যোগ শুধু উন্নত ঋণ-সংস্কৃতিই গড়ে তুলবে তা নয়, বরং এটি গ্রাহকদের তাঁদের ব্যবসায়িক কৌশল শুদ্ধীকরণেও সহায়তা করবে।