ভালো গ্রাহকেরা প্রণোদনা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো গ্রাহক যাঁরা নিয়মিত ঋণ পরিশোধ করেন, খেলাপি হন না, তাঁদের জন্য বিশেষ প্রণোদনা নীতিমালা করছে বাংলাদেশ ব্যাংক।
জানুয়ারি-জুন ২০১৫ সময়ের ষাণ্মাসিক মুদ্রানীতি ঘোষণাকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ গত মঙ্গলবার ৫০০ কোটি টাকা বা তার বেশি বড় অঙ্কের ঋণ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ ঋণগুলো বিভিন্নভাবে খেলাপি হয়ে আছে বা একধরনের সমস্যাকবলিত। যেগুলো এখন নীতিমালা করে পরিশোধের মেয়াদ, সুদের হার, ডাউন পেমেন্ট বা এককালীন জমাসহ বিভিন্ন দিক থেকে বড় ধরনের ছাড় দিয়ে পুনর্গঠন করা হবে।
মুদ্রানীতি ঘোষণাকালে গর্ভনর বলেন, পুনর্গঠন করলে ব্যাংক ১ শতাংশ হলেও তো পাবে, তা না হলে কিছুই পেত না। তিনি বলেন, সারা বিশ্বের বিভিন্ন দেশে কখনো কখনো এ ধরনের ঋণগুলো পুনর্গঠন করা হয়ে থাকে। প্রতিবেশী দেশগুলোতেও এ চর্চা আছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এসব বড় অঙ্কের ঋণ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
এ পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠে, খেলাপিদের কয়েক দফা ঋণ পুনঃ তফসিলের সুযোগ দেওয়া হয়। পুনর্গঠন সুবিধা এর আগেও দেওয়া হয়েছে। তাহলে ভালো গ্রাহক, যাঁরা সময়মতো ঋণ পরিশোধ করলেন, তাঁরা কী পেলেন? পুনর্গঠন নীতিমালায় তাঁরা ক্ষতিগ্রস্ত হন, তাহলে তাঁদের খেলাপি হওয়াকে উৎসাহিত করা হয় কি না? জবাবে গভর্নর বলেন, ভালোদের জন্য এক রিবেট (ছাড়), ইনসেনটিভ (প্রণোদনা) দেওয়ার জন্য ইতিমধ্যেই তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগকে বলেছেন। তিনি বলেন, একটি নীতিকাঠামো তৈরি করেই তাঁদের প্রণোদনা, পুরস্কার বাংলাদেশ ব্যাংক দেবে।