প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পাঠাভ্যাস তৈরি করতে বিভিন্ন দেশে বই রপ্তানি করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘জ্ঞানভিত্তিক সমাজ উন্নয়নে প্রকাশনা শিল্প ও ব্যবসায়িক ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এই আহ্বান জানান।রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত এই সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, জনগণের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ জন্য প্রকাশ করতে হবে ভালোমানের বই। শিক্ষাকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে না দেখতে তিনি সবার প্রতি আহ্বান জানান। চেম্বারের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ। এতে অন্যান্যের মধ্যে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের, ভারপ্রাপ্ত পরিকল্পনাসচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ, ডেইলি সান-এর সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, জ্যেষ্ঠ সহসভাপতি হায়দার আহমদ খান, সাবেক সভাপতি বেনজীর আহমেদ ও এম এ মোমেন, সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সভাপতি শহীদ সেরনিয়াবাত প্রমুখ বক্তব্য দেন।কামাল আবদুল নাসের জাতীয় গ্রন্থকেন্দ্র কার্যকর করা ও ইউনিয়ন পর্যায়ে পাঠাগার স্থাপনের প্রস্তাব দেন। এ ছাড়া মুদ্রণশিল্পে বিদ্যমান সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।ভূঁইয়া সফিকুল ইসলাম ভালো বইয়ের প্রকাশনা বাড়ানোর তাগিদ দেন। তিনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুণগত মানসম্পন্ন বই ও সাংস্কৃতিক মান অত্যন্ত জরুরি।আসিফ ইব্রাহীম স্থানীয় বই প্রকাশকদের আর্থিক প্রণোদনা দেওয়া, কপিরাইট আইনের প্রয়োগ, মুদ্রণ খাতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহজ শর্তে ঋণ ও অর্থনৈতিক শিল্প-অঞ্চলগুলোতে মুদ্রণ ও প্রকাশনা শিল্পের জন্য পৃথক জায়গা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেন।হায়দার আহমদ খান কাগজ আমদানির ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।