ভালো বীজ নিশ্চিত করতে বাজেটে বরাদ্দ বৃদ্ধির আহ্বান
আগামী বাজেটে ভালো বীজের নিশ্চয়তা দিতে বরাদ্দ বাড়াতে হবে। এ কথা বললেন, ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের কৃষক রহিদুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে বেসরকারি সংস্থা উদয়াঙ্কুর ও অ্যাকশন এইডের সহযোগিতায় জেলার ডোমার উপজেলা পরিষদ আয়োজিত কৃষি বাজেটে কৃষকের ভাবনা শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। তিনি মাটির গুণাগুণ পরীক্ষা করে কোন জমিতে কোন ফসল ফলানো যাবে, সে ব্যাপারে কৃষকদের পরামর্শের ব্যবস্থা করার দাবি জানান।ডোমার উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুর রশীদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আবদুল জব্বার ও আনোয়ারা বেগম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক, ইউএসএসএর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, কৃষক তৌহিদার রহমান প্রমুখ। কৃষি খাতে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, কৃষি ক্ষেত্রে ভর্তুকির স্থায়ী নীতিমালা, প্রতিটি উপজেলায় হিমাগার নির্মাণ, ডোমারের সঙ্গে ঢাকাসহ অন্যান্য জেলার রেল যোগাযোগ সম্প্রসারণসহ আগামী বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হয়।