ভালো বেচাকেনায় শেষ হলো বাণিজ্য মেলা
শেষ হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মাসব্যাপী এই মেলায় প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা হওয়ায় অংশগ্রহণকারী প্রায় সব প্রতিষ্ঠান সন্তুষ্টি প্রকাশ করেছে।গতকাল মঙ্গলবার শেষ দিন প্রয়োজনীয় পণ্যটি কিনতেও ব্যাপক ভিড় ছিল। ক্রেতাদের পদচারণে মুখর ছিল মেলা প্রাঙ্গণ। গতকাল দুপুরের পর থেকে মানুষ স্রোতের মতো মেলায় আসতে থাকে। বিকেলের দিকে মোটামুটি জনসমুদ্রে পরিণত হয় মেলা প্রাঙ্গণ।রাজধানীর শেরেবাংলা নগরে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে ১৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করেছে। ১ জানুয়ারি শুরু হওয়া এই মেলায় সব মিলিয়ে ৫০৬টি স্টল ছিল। এতে ১২টি দেশের ৪৭টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেয়। গতকাল বিকেলে মেলা প্রাঙ্গণে বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টল ও প্যাভিলিয়ন সাজসজ্জার জন্য পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। এ সময় তিনি বলেন, এবারের মেলায় ৫১ লাখ ৪০ হাজার ডলারের স্পট অর্ডার বা তাৎক্ষণিক কার্যাদেশ পাওয়া গেছে। এটি গত বছরের চেয়ে ৫০ শতাংশ বেশি।মেলায় নাভানা মোটরসের প্যাভিলিয়নে করোলা প্রাইভেট কার ক্রেতা-দর্শনার্থীদের আকৃষ্ট করেছে। অনেকেই আগ্রহ নিয়ে খোঁজখবর নিচ্ছেন। মেলায় টয়োটা ব্র্যান্ডের ‘এভানজা’ মোটরগাড়ি এনেছে নাভানা।নাভানা গ্রুপের উপব্যবস্থাপক (বিক্রয়) এস এম রিজভী জানান, তাঁরা অন্তত ২৫টি এভানজা গাড়ি সরবরাহের কার্যাদেশ পেয়েছেন। আগামী মার্চ মাসের মধ্যে এগুলো ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে।দেশের স্বনামধন্য আসবাব নির্মাণ প্রতিষ্ঠান অটবি ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। মেলা উপলক্ষে ১১০ ধরনের কাঠের নতুন আসবাব এনেছিল অটবি। প্রত্যাশার চেয়ে বেশি কার্যাদেশ পাওয়া গেছে উল্লেখ করে কর্মকর্তা সুমিত তরফদার বলেন, ‘এবার কাঠের বেডরুম, ডাইনিং ও সোফা সেটের প্রতি ক্রেতারা বেশি আগ্রহ দেখিয়েছেন।’নাভানা ফার্নিচার এবারের মেলায় ২৮টি কাঠের নতুন আসবাব নিয়ে আসে। ক্রেতাদের জন্য ৭ থেকে ১৭ শতাংশ পর্যন্ত মূলছাড় দেয় নাভানা। এতে ক্রেতাদের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকার কার্যাদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি। নাভানার হেড অব রিটেল অপারেশন মো. আসরাফুর রহমান তালুকদার বলেন, ‘মেলায় ভালো সাড়া পাওয়া গেছে। এতে আগামী দুই মাসের উৎপাদন নিশ্চিত হয়ে গেছে।’ তবে গতবারের চেয়ে এবার দর্শনার্থী কম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রচার বাড়ালে আরও ভালো সাড়া পাওয়া যেত।ট্রান্সকম গ্রুপের নিজস্ব ব্র্যান্ড ট্রান্সটেকের আয়রন, ব্লেন্ডার, রাইসকুকার, এলসিডি টিভি ইত্যাদি পণ্যের প্রতি ক্রেতাদের বেশি আগ্রহ ছিল। এ ছাড়া কয়েকটি মডেলের রেফ্রিজারেটরে পাঁচ হাজার ৪০০ টাকা ছাড় করে ট্রান্সটেক। পণ্য প্রচারের মূল উদ্দেশ্য নিয়ে অংশ নিলেও বেচাকেনা ভালো হয়েছে— এমনটাই জানালেন ট্রান্সকমের জোনাল সেলস ম্যানেজার আমিনুল ইসলাম লস্কর।মেলা প্রাঙ্গণে ব্যাংকিং সুবিধা দিতে ছিল ডাচ্-বাংলা ব্যাংকের প্যাভিলিয়ন। এখানে টাকা তোলা ও জমা দেওয়ার সুবিধা থাকায় ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষই ভিড় করেছে সারা মাস। কোনো ধরনের ঝামেলা ছাড়াই গতকাল দুপুর পর্যন্ত প্রায় সাড়ে ১৫ কোটি টাকা জমা দিয়েছেন ব্যবসায়ীরা।এসব তথ্য দিয়ে ব্যাংকের কর্মকর্তা মো. শাহানুর ইসলাম আরও জানান, অর্ধলক্ষাধিক দর্শনার্থী এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেছেন।পুরস্কারপ্রাপ্ত স্টলগুলোসাধারণ স্টল বিভাগে টোনাটুনি (প্রথম); গাজী সিঙ্ক এবং অ্যালায়েন্স বেড ওয়্যারস (যৌথভাবে দ্বিতীয়); সাত্তার মেটাল, এইচআরসি প্রোডাক্টস ও কুষ্টিয়া হস্তশিল্প (যৌথভাবে তৃতীয়) পুরস্কার পেয়েছে। বিশেষ পুরস্কার পেয়েছে বিল্ডকম।সাধারণ মিনি প্যাভিলিয়ন বিভাগে পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক (প্রথম); ডাচ্-বাংলা ব্যাংক ও জাপান ফুড অ্যান্ড রেস্টুরেন্ট (যৌথভাবে দ্বিতীয়); এবং জনতা ব্যাংক (তৃতীয়)। সাধারণ প্যাভিলিয়ন বিভাগে পুরস্কার পেয়েছে মেসার্স এথেনাস ফার্নিচার অ্যান্ড হোম ডেকো।প্রিমিয়ার স্টল বিভাগে হেলাল অ্যান্ড ব্রাদার্স (প্রথম); চেমট্রেক ইন্ডাস্ট্রি (দ্বিতীয়) এবং প্রিন্স ফুড প্রোডাক্টস (তৃতীয়) পুরস্কার পেয়েছে।প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন বিভাগে রোমানিয়া ফুড (প্রথম); অজের ওয়্যারলেস (দ্বিতীয়); এবং ব্র্যাক, আর্টিস্টি কালেকশন ও বিআরবি কেবলস (যৌথভাবে তৃতীয়) পুরস্কার পেয়েছে। বিশেষ পুরস্কার পায় কিষোয়ান স্ন্যাকস এবং হার্ভেস্ট রিচ এগ্রো।প্রিমিয়ার প্যাভিলিয়ন বিভাগে আখতার ফার্নিচার (প্রথম); এশিয়ান টেক্সটাইল মিলস, মিরপুর সিরামিকস ও কারুপণ্য রংপুর (যৌথভাবে দ্বিতীয়); নাভানা, অটবি, ওয়ালটন হাইটেক ও বেক্সটেক্স ফেব্রিকস (যৌথভাবে তৃতীয়) পুরস্কার পেয়েছে। বিশেষ পুরস্কার পেয়েছে বেঙ্গল পলিমার ওয়্যার, বেস্টওয়ে ফাউন্ডেশন, আরএফএল প্লাস্টিক, ফাইনাল টাচ এবং ক্লাসিক্যাল হোম টেক্সটাইল। মহিলা উদ্যোক্তা বিভাগে মা এন্টারপ্রাইজ এবং উপজাতীয় সম্প্রদায়ের স্টল বিভাগে মনিপুরি ট্যান্ট এম্পোরিয়াম বিশেষ পুরস্কার পেয়েছে ।বিদেশি স্টল বিভাগে সিঙ্গাপুরের এম কে ইলেকট্রিক (প্রথম); যুক্তরাষ্ট্রের জর্ডানা কসমেটিকস (দ্বিতীয়); এবং দক্ষিণ কোরিয়ার ডাডা করপোরেশন ও তুরস্কের অরিজিনাল ইস্তাম্বুল লাইটস সেন্টিক (যৌথভাবে তৃতীয়) পুরস্কার পেয়েছে।বিদেশি মিনি প্যাভিলিয়ন বিভাগে পুরস্কার পেয়েছে দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ-কোরিয়া ট্রেড (দ্বিতীয়)। এখানে প্রথম ও তৃতীয় পুরস্কার দেওয়া হয়নি।এ ছাড়া বাণিজ্য মেলার প্রিন্ট মিডিয়া অংশীদার দৈনিক বণিক বার্তা দর্শনার্থী জরিপ চালায়। এ জরিপের ভিত্তিতে সৌন্দর্য ও সেবা প্রদানে যথাক্রমে বেস্টওয়ে ফাউন্ডেশন ও সনি র্যাংগসকে পুরস্কৃত করা হয়।বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামক প্যাভিলিয়ন নির্মাণ ও পরিচালনার জন্য ইপিবিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।