ভালো সাড়া নিয়ে শেষ হলো বস্ত্র-পোশাকের যন্ত্রপাতি প্রদর্শনী

ভালো সাড়া নিয়ে শেষ হয়েছে দেশের বস্ত্র ও পোশাক খাতের যন্ত্রপাতির সবচেয়ে বড় প্রদর্শনী ‘১১তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী’।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনের এই প্রদর্শনী গত বুধবার শুরু হয়। শেষ হয়েছে গতকাল শনিবার। চার দিনে এই প্রদর্শনীতে এক ছাদের নিচে পোশাক ও বস্ত্র খাতের অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।
সম্মেলন কেন্দ্র ও কেন্দ্রের বাইরের পুরো এলাকায় বসেছিল স্টলগুলো। আর স্টলে স্থাপন করা হয় বিভিন্ন ধরনের পোশাক তৈরির যন্ত্র। কোনো কোনো স্টলে প্রদর্শন করা হয় কাপড় তৈরি, কোনোটিতে কাপড় কাটার কাজ। এ ছাড়া দেখানো হয় কাপড়ের নমুনা ও যন্ত্রাংশ।
গতকাল মেলার শেষ দিন দুপুরের পর থেকেই মেলা প্রাঙ্গণে ক্রেতা-দর্শনার্থীরা আসতে শুরু করেন। বিকেলের দিকে ভিড় বাড়তে থাকে। বস্ত্র খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক কিংবা প্রতিনিধিরা তাঁদের প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি ও যন্ত্রাংশ কেনার আগ্রহ নিয়ে এখানে এসেছেন।
তবে এই মেলায় বেচাকেনা বা ক্রয়াদেশ খুব বেশি পাওয়া যায়নি। মেলায় অংশ নেওয়া সব প্রতিষ্ঠানই ক্রেতাদের সঙ্গে প্রাথমিক আলাপ সেরে নিয়েছেন।
মেলায় আসা সিল্করুট ফ্যাশনের কর্মকর্তা বদরুল আলম এসেছিলেন তাঁর প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি কিনতে। তিনি এই প্রতিনিধিকে জানান, তাঁর প্রতিষ্ঠানে সুতা থেকে কাপড় তৈরির যন্ত্রপাতি কেনা হবে। তিনি চান এক মেশিনে প্রতিদিন ৭০০ থেকে ৭৫০ কেজি কাপড় তৈরি করতে। এ জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ঘুরে দেখেছেন।
মেলায় বিশ্বখ্যাত মারুবিনির স্টল রয়েছে। এই মেলা থেকে প্রতিষ্ঠানটি প্রায় ১০০টি কার্যাদেশ পাবে বলে আশা প্রকাশ করছেন এর বিক্রয় প্রতিনিধিরা। এই প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি দেলোয়ার হোসেন জানান, মূলত ফেব্রিকস তৈরির যন্ত্রপাতিই তাঁদের মূল আকর্ষণ।
ভিআই বিই ম্যাক প্রতিষ্ঠানটি কাটিং মেশিন বিক্রি করছে। বেশ কিছু ক্রয়াদেশ নিয়ে কাজ করছে কাপড় কাটার এই মেশিন বিক্রেতা প্রতিষ্ঠান।
প্রদর্শনীর একটি স্টলে ছিল জার্মানি থেকে আমদানি করা স্টল ব্র্যান্ডের স্বয়ংক্রিয় সোয়েটার নিটিং মেশিন। সেখানে দায়িত্বরত ট্রাইকোটেক্স মেশিনারি লিমিটেডের জ্যেষ্ঠ প্রোগ্রামার শফিকুল ইসলাম জানান, মূলত সোয়েটার কারখানার জন্য উপযোগী এই মেশিন। এর মাধ্যমে উৎপাদন খরচ ১০ ভাগের এক ভাগে নামিয়ে আনা সম্ভব।
প্রদর্শনীতে চীনের শাওজিং এলিগান্ট নিটিং কোম্পানি লিমিটেডের স্টলে এক্সপোর্ট সেলস সেলসম্যান চেরি জানান, প্রতি বছর তাঁরা এই প্রদর্শনীতে অংশ নেন। বাংলাদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী তাঁরা ফেব্রিক ও অ্যাপারেল সামগ্রী সরবরাহ করে থাকেন।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসেসিয়েশন (বিটিএমএ), তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল ও হংকংয়ের ইয়োর্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি সম্মিলিতভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। এতে বাংলাদেশসহ ৩১টি দেশের ৮৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।