
থ্রিজি সেবার বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস টবিট
প্রথম আলো: গ্রাহকেরা এয়ারটেলের কাছ থেকে কেমন থ্রিজি-সেবা পাবেন?
ক্রিস টবিট: আমরা এখনো বাণিজ্যিকভাবে থ্রিজি-সেবা দেওয়া শুরু করিনি। রাজধানীর বনানী ও গুলশানের কিছু স্থানে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হয়েছে। বিশ্বের ১৬টি দেশে এয়ারটেলের গ্রাহকেরা থ্রিজি-সেবা পাচ্ছেন। সেসব দেশের গ্রাহকেরা যেসব সেবা পাচ্ছেন, বাংলাদেশের গ্রাহকেরাও তার সবই পাবেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে আমরা পাঁচ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছি। আর আমাদের গ্রাহকসংখ্যা প্রায় ৮০ লাখ। সেদিক থেকে স্পেকট্রাম ও গ্রাহকের অনুপাত ঠিক আছে। তাই আমরা গ্রাহকদের ভালো সেবাটাই দিতে পারব। আবার স্থানীয় ইন্টারনেট সেবাদানকারীদের সঙ্গেও আমরা কাজ করব। ফলে তারা যেসব সেবা দিচ্ছে, গ্রাহকেরা সেসব সেবাও পাবেন।
প্রথম আলো: থ্রিজি-সেবা নিয়ে এয়ারটেল কীভাবে এগোচ্ছে?
ক্রিস টবিট: বিটিআরসির দিক থেকে আমাদের একধরনের সময়সীমা বেঁধে দেওয়া আছে। আমাদেরও পরিকল্পনা রয়েছে। অক্টোবরেই ঢাকা ও চট্টগ্রাম শহরের এয়ারটেল গ্রাহকেরা থ্রিজি নেটওয়ার্কের আওতায় আসবেন। নভেম্বরে ঢাকা ও চট্টগ্রামের বড় একটি অংশ এবং সিলেট শহরে এই সেবা পৌঁছে যাবে। আগামী জানুয়ারির মধ্যে দেশের সাতটি বিভাগীয় শহরের গ্রাহকেরা থ্রিজি-সেবা পাবেন। পর্যায়ক্রমে সারা দেশেই থ্রিজি-সেবা পৌঁছে যাবে।
প্রথম আলো: থ্রিজির মাধ্যমে কীভাবে দেশের টেলিযোগাযোগ খাত ও অর্থনীতি উপকৃত হবে?
ক্রিস টবিট: থ্রিজি হলো মুঠোফোনের একধরনের ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ। এটি চালু হলে দেশে ইন্টারনেটের ব্যবহার বাড়বে। মানে, মুঠোফোনে ইন্টারনেটের গতি বাড়বে। ফলে শিক্ষা, বাণিজ্য, স্বাস্থ্যসহ বিভিন্ন ধরনের সেবা ঘরে বসেই পাবেন গ্রাহকেরা। বলা চলে, মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের কারণে অর্থনীতিতে একধরনের প্রভাব পড়বে।
প্রথম আলো: থ্রিজি-সেবা দিতে কী পরিমাণ বিনিয়োগ করতে হচ্ছে এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা কী?
ক্রিস টবিট: এরই মধ্যে থ্রিজি লাইসেন্স পেতে আমাদের ১২ কোটি ৫০ লাখ ডলার ব্যয় করতে হয়েছে। নানা ধরনের অবকাঠামো তৈরিতে আমরা বেশ বিনিয়োগ করছি। বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার। তাই এদেশের গ্রাহকদের আমরা আরও ভালো সেবা দিতে চাই। তবে থ্রিজি ব্যবহারের জন্য থ্রিজি-সহায়ক মুঠোফোনেরও প্রয়োজন রয়েছে। অবশ্য গত এক-দুই বছরে এ দেশে থ্রিজি-সহায়ক মুঠোফোনের আমদানি বেশ বেড়েছে। আশা করছি, সব অপারেটর বাণিজ্যিকভাবে থ্রিজি-সেবা দেওয়া শুরু করলে এমন মুঠোফোনের আমদানি আরও বাড়বে। এখন থ্রিজি-সহায়ক মুঠোফোন কিনতে খরচ হচ্ছে ৫০ থেকে ৬০ ডলার। যখন এর দাম ২০ থেকে ৩০ ডলারে আসবে, তখন থ্রিজি সেবাগ্রহীতার সংখ্যাও বাড়বে। এ ধরনের মুঠোফোনের দাম কমাতে সরকারের সহযোগিতা প্রয়োজন। সরকার এ ক্ষেত্রে এমন মুঠোফোন আমদানিতে শুল্ক কমিয়ে দিতে পারে। থ্রিজি-সহায়ক মুঠোফোন পর্যাপ্ত হলে থ্রিজি সেবাগ্রহীতার সংখ্যাও বাড়বে।
প্রথম আলো: থ্রিজি তো হয়ে যাচ্ছে, ফোরজি কবে পাচ্ছি?
ক্রিস টবিট: আমরা আগে ভালোভাবে থ্রিজি-সেবাটা দিতে চাই। এ দেশে এয়ারটেলের যত গ্রাহক আছেন, তাঁদের মাত্র ৮ থেকে ১০ শতাংশের কাছে থ্রিজি-সহায়ক মুঠোফোন আছে। আর ফোরজি-সহায়ক মুঠোফোন আছে ১ শতাংশেরও কম গ্রাহকের। সে কারণে এখন এ দেশের গ্রাহকদের জন্য থ্রিজি-সেবাই যথেষ্ট। এর মধ্য দিয়ে ফোরজি-সহায়ক পরিবেশ গড়ে উঠবে। এটি হওয়ার পর আমরা গ্রাহকদের ফোরজি-সেবাও দেওয়া শুরু করব।
[সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত]