ভাষা আন্দোলন উপলক্ষে স্মারক নোট আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান ভাষা আন্দোলনের ৬০ বত্সর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ব্যাংক স্মারক নোট বাজারে ছাড়ছে। কাল বুধবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের পঞ্চম তলার সম্মেলন কক্ষে স্মারক নোটটি অবমুক্ত করা হবে। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানা যায়।ভাষা-সংগ্রামী মুর্তজা বশীর আনুষ্ঠানিকভাবে ওই স্মারক নোটটি অবমুক্ত করবেন। অনুষ্ঠানে মহান ভাষা আন্দোলনের সংগ্রামীরা, দেশের বরেণ্য শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন। স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করার পর বাংলাদেশ ব্যাংক, মতিঝিল অফিস থেকে ফোল্ডার ও খামসহ প্রতিটি স্মারক নোট ২০০ টাকা এবং শুধু নোট ৬০ টাকায় পাওয়া যাবে। ১৯ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা হতে নগদ মূল্যে এই স্মারক নোট পাওয়া যাবে। মোট ১০ লাখ স্মারক নোট ছাড়া হচ্ছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান স্বাক্ষরিত এই স্মারক নোটের এক পিঠে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিকৃতি, প্রতিকৃতির নিচে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ লেখা পঙক্তিমালা। অপর পিঠে পাঁচজন ভাষা-শহীদের নামসহ প্রতিকৃতি এবং প্রতিকৃতির ওপরে ‘60 Years of Language Movement 1952-2012’ মুদ্রিত আছে।