ভাষা আন্দোলনের ৬০ বছরে স্মারক নোট অবমুক্ত
মহান ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ব্যাংক স্মারক নোট অবমুক্ত করেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ভাষাসংগ্রামী মুর্তজা বশীর স্মারক নোটটি অবমুক্ত করেন। বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।অনুষ্ঠানে ভাষাসংগ্রামী আবদুল মতিন, সাঈদ হায়দার, প্রতিভা মুত্শুদ্দী, আহমেদ রফিক ও এম রহমান ছাড়া আরও উপস্থিত ছিলেন কামাল লোহানী, রমণী মোহন দেবনাথ, অজয় দাস গুপ্ত ও বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, মুস্তাফা মনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ইমদাদুল হক মো. মতলুব আলীসহ শিক্ষাবিদ, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা।মুর্তজা বশীর প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ভাষা আন্দোলন শুধু মাতৃভাষার জন্য আন্দোলন নয়। দেশের আর্থ সামাজিক পরিবর্তনেরও লড়াই এটি। তাই শুধু ফেব্রুয়ারিকেই ভাষার মাস হিসেবে স্মরণ করতে হবে এমনটি নয়। সারা বছরই বিষয়টি আমাদের মনে রাখা উচিত।’এই ভাষা সৈনিক আরও বলেন, ভাষা আন্দোলনের ৬০ বছর পরও এ দেশের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন হয়নি। সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের আহ্বান জানান তিনি।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘আজ আমরা স্বাধীন, সার্বভৌম দেশের নাগরিক। এসবই হয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ধারাবাহিকতায়। এ মাসেই ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্ণ হতে যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক বিষয়টিকে চির জাগরুক করে রাখার জন্য ৬০ টাকা মূল্যমানের স্মারক নোট বাজারে ছাড়তে যাচ্ছে।’গভর্নর বলেন, এই স্মারক নোটের মাধ্যমে দেশ ও বিদেশের সংগ্রাহকেরা এ দেশের ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারবেন।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান স্বাক্ষরিত ১৩০মিমি*৬০ মিমি পরিমাপের এ স্মারক নোটের এক পিঠে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিকৃতি, প্রতিকৃতির নিচে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ লেখা পঙক্তিমালা, নিচের দিকে বাঁয়ে ভাষা আন্দোলনের ৬০ বছর ও ওপরের দিকে বাঁয়ে ‘বাংলাদেশ ব্যাংক’ মুদ্রিত রয়েছে। এ ছাড়া নোটের ডানদিকে উপরের পাশে ‘৳৬০’ ও নিচের পাশে ‘৳৬০’ মুদ্রিত রয়েছে।নোটের অপর পৃষ্ঠায় পাঁচজন ভাষা-শহীদের নামসহ প্রতিকৃতি এবং প্রতিকৃতির উপরে ‘60 Years of Language Movement 1952-2012’, ডান পাশে ওপরের কর্নারে ‘৳60’, নিচের কর্নারে বাঁয়ে ‘৳৬০’, নিচে মধ্যভাগে ইংরেজিতে ‘BANGLADESH BANK' এবং ডানদিকে আড়াআড়িভাবে ''Commemorative Note'' মুদ্রিত আছে।স্মারক নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে পাওয়া যাবে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকসহ সব বাণিজ্যিক ব্যাংকে পাওয়া যাবে। ফোল্ডার ও খামসহ প্রতিটি স্মারক নোট ২০০ টাকা এবং শুধু স্মারক নোট ৬০ টাকায় ক্রয় করা যাবে।