ভাষার মাসে বাংলা ওয়েবসাইট চালু করল ডিএসই
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাংলা ওয়েবসাইট চালু করা হয়েছে। ভাষার মাসে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে বাংলা ওয়েবসাইটটি চালু করেছে ডিএসই। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। ডিএসই বলছে, ভাষাশহীদদের প্রতি সম্মান দেখাতে ও সময়ের প্রয়োজনে ইংরেজির পাশাপাশি বাংলা ওয়েবসাইট চালু করা হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা অনেক উপকৃত হবেন।বাংলা ওয়েবসাইট চালু উপলক্ষে গতকাল ডিএসইতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ডিএসইর সভাপতি রকিবুর রহমান বলেন, বাংলা ওয়েবসাইট চালুর ফলে বিনিয়োগকারীরা সহজে যেকোনো কোম্পানি সম্পর্কে জানতে ও বুঝতে সক্ষম হবেন। সে সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা অনেক উপকৃত হবেন। বাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অংশ হিসেবে এই ওয়েবসাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।ডিএসই সভাপতি জানান, বাজারে স্বচ্ছতা বাড়াতে বাংলা ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ এখন থেকে বিনিয়োগকারীরা মাতৃভাষায় শেয়ারবাজার-সংক্রান্ত সব তথ্য জানতে বা পড়তে পারবেন। তিনি আরও বলেন, বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ডিএসই সংস্কার-কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন ওয়েবসাইটটি তারই একটি অংশ। বাজারের তদারকি বৃদ্ধিতে তিন মাসের মধ্যে ডিএসইতে নতুন আরেকটি সফটওয়্যার চালু করা হবে।রকিবুর রহমান বলেন, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে এলে তারল্য সংকটও কেটে যাবে।ডিএসই জানিয়েছে, নতুন সার্ভিল্যান্স সফটওয়্যার চালু করতে এরই মধ্যে সুইডেনভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।ডিএসইর ঊর্ধ্বতন সহসভাপতি আহমেদ রশীদ লালী বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত ও বিনিয়োগকারীদের দাবি ছিল বাংলা ওয়েবসাইট চালু করা। ছয় মাস আগে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীতে ডিএসইতে ই-পাঠাগার চালু করা হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভ্রকান্তি চৌধুরী। তিনি বলেন, ইংরেজির পাশাপাশি বাংলা ওয়েবসাইট চালুর ফলে আন্তর্জাতিকভাবে ডিএসইর পরিচিতি আরও বাড়বে। ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, ইংরেজি ওয়েবসাইটের ওপরের দিকে বাংলা সংস্করণ নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করে যে কেউ বাংলা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া সরাসরি বাংলা ওয়েবসাইটে প্রবেশ করতে হলে ওয়েব ঠিকানা হলো—www.bangla.dsebd.org বা www. bangla.dse.com.bd