ভাড়া হয়ে গেছে হোটেল-মোটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটিতে রাঙামাটি ঝুলন্ত সেতুতে পর্যটকের ভিড়। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ঈদের ছুটিতে রাঙামাটি ঝুলন্ত সেতুতে পর্যটকের ভিড়। গতকাল তোলা ছবি l প্রথম আলো

বৃষ্টি-বাদলের মৌসুম উপেক্ষা করেই রাঙামাটিতে পর্যটকের ভিড় জমেছে। গতকাল সকাল থেকে প্রচুর পর্যটক রাঙামাটি শহরে আসতে শুরু করেছে। তবে বিভিন্ন হোটেল-মোটেলের মালিকেরা বলেছেন, ঈদের বন্ধের আগেই পর্যটন হলিডে কমপ্লেক্সসহ বিভিন্ন হোটেল ও মোটেলে বুকিং দেওয়া শুরু হয়েছিল।
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত কয়েক দিন ঈদের ছুটি থাকলেও বৃষ্টির কারণে পর্যটকেরা আসতে পারেননি। আজ (সোমবার) বৃষ্টি না থাকায় পর্যটকদের ভিড় জমেছে।
সরেজমিনে দেখা গেছে, বেলা দুইটার দিকে রাঙামাটি শহরের শেষ প্রান্ত বাংলাদেশ পর্যটন করপোরেশনের হলিডে কমপ্লেক্স এলাকার ঝুলন্ত সেতুতে বিপুলসংখ্যক পর্যটক। সেতুর পাশে তেমন কোনো বোট চোখে পড়েনি। কারণ সব বোট ভাড়া নিয়ে পর্যটকেরা সুবলং ঝরনা দেখতে ও কাপ্তাই হ্রদে ঘুরতে গেছেন।
পর্যটকেরা ঘুরতে বেরিয়ে পড়ায় অবশ্য আদিবাসী বস্ত্র বিক্রয় কেন্দ্রগুলো দুপুরের দিকে অনেকটা ফাঁকাই দেখা গেছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, আগামী ২৪ জুলাই শুক্রবার পর্যন্ত মোটেলের সব কক্ষ বরাদ্দ হয়ে গেছে। আগামী ৩০ জুলাই থেকে ২ আগস্ট এ অবস্থা চলতে পারে। এতে পর্যটন করপোরেশনের দৈনিক আয় দাঁড়াচ্ছে প্রায় তিন লাখ টাকা। এর মধ্যে ৮৫টি কক্ষের ভাড়া বাবদ ২ লাখ ৫০ হাজার আর ঝুলন্ত সেতু ও ডিয়ার পার্কে প্রবেশ ফি বাবদ প্রায় ৫০ হাজার টাকা আয় হয়েছে।
হোটেল সুফিয়া ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম জানান, তাঁর হোটেলে ৫২টি কক্ষের মধ্যে সকাল পর্যন্ত ৪০টি বরাদ্দ হয়ে গেছে। সেটা আরও বাড়বে মনে হচ্ছে। হোটেলের সব কক্ষ বরাদ্দ থাকলে ১ লাখ ১০ হাজার টাকা আয় হয়।
রাঙামাটি হোটেল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নেছার আহমেদ জানান, শহরের ৫০টির বেশি হোটেলের মধ্যে প্রায় সবগুলোর কক্ষ আগামী শনিবার পর্যন্ত বুকিং দেওয়া আছে। এ অবস্থায় হোটেলগুলোর আয় হয় দৈনিক ১০ থেকে ১২ লাখ টাকা।
এদিকে আদিবাসী বস্ত্র প্রতিষ্ঠান বয়ন টেক্সটাইলে মালিক মো. জহির উদ্দিন খান জানান, এ বছর আদিবাসী বস্ত্র বিক্রয় কেন্দ্রগুলোতে বিক্রি খুব ভালো না। তবে পর্যটকেরা রাঙামাটি এসেই প্রথমে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে আসেন। তারপর কেনাকাটার দিকে মন দেন। পর্যটকের ভিড় জমলে মার্কেটের ১৫টি বিক্রয়কেন্দ্রে ৭ থেকে ১০ লাখ বা তারও বেশি বিক্রি হয় বলে তিনি জানান।