ভাড়ায় মিলছে মোটরসাইকেল

হাতে বেশি টাকা নেই, সিএনজি বা প্রাইভেট কারে ওঠার সাধ্যও নেই। এই গরমে গণপরিবহনে উঠতেও মন চাইছে না। তাতে কী? রাজধানীর যেকোনো জায়গায় দ্রুত যেতে এখন ভাড়ায় মিলছে মোটরসাইকেল। মোবাইলের প্লে স্টোর থেকে থেকে দ্রুত নামিয়ে নেন পাঠাও, আমার রাইড, আমার বাইক, শেয়ার এ মোটরবাইক-স্যাম, এ–জাতীয় অ্যাপ। ডাকুন মোটরবাইক, পৌঁছে যান গন্তব্যস্থানে।
ঢাকা রাস্তায় সহসাই এই সেবা পাওয়া যাচ্ছে। নির্ধারিত অ্যাপে গন্তব্য নির্ধারণ করে অনুরোধ পাঠালে গ্রাহক যেখানে আছেন, নিকটস্থ চালক সেখানে পৌঁছে যাবেন। গন্তব্যস্থলে পৌঁছাতে দূরত্ব আর যানজট মিলে কত খরচ হলো তা-ও জানা যাবে অ্যাপের পর্দায়। আর এ সেবা তরুণ যুবকদের উপার্জনের পথও খুলেছে।

গত রোববার পাঠাও অ্যাপের মাধ্যমে পাওয়া গেল আরিফুর রহমানকে। হান্ক মডেলের মোটরবাইক নিয়ে হাজির হলেন মহাখালীতে। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সেমিস্টারের ছাত্র। জানালেন, পাঠাও–এর বেইস ভাড়া ২০ টাকা এবং এরপর প্রতি কিলোমিটারে ভাড়া ১০ টাকা। ভাড়া নগদে পরিশোধ করতে হবে। তিনি বলেন, হাতখরচ মেটাতে আগে এক শোরুমে কাজ করতেন। এখন মোটর চালিয়েই হাত খরচ আসে। চাইলে এক দিনেই খরচ বাদে ৫০০ টাকা আয় করা যায়।
একটি দেশীয় সংস্থার কর্মী রুবাইনার অফিস গুলশানে। প্রতিদিন কাজ শেষে ফিরতে হয় শেওড়াপাড়ার বাসায়। বাসায় ফিরতে নিয়মিত ভোগান্তিতে পড়তে হতো তাঁকে। তবে এখন নিয়মিত মোটরসাইকেলে ফিরছেন বাসায়। অন্যের মোটরসাইকেলে ওঠায় পরিবারও কোনো আপত্তি করছে না।
রুবাইনা বলেন, বাসায় ছোট বাচ্চা রেখে আসতে হয়। অফিস শেষ করে বাসায় পৌঁছাতে দুই–তিন ঘন্টা লেগে যায়। ফলে বাসায় সময় দেওয়া সম্ভব হয় না। এখন আর সমস্যা হচ্ছে না।
অ্যাপভিত্তিক মোটরবাইক ট্যাক্সিসেবা পাঠাওয়ের কাস্টমার রিলেশন ব্যবস্থাপক সালেহা ফারহাজ আজিজ বলেন, যানজটের কথা মাথায় রেখেই ঢাকায় এ সেবা চালু করা হয়েছে। ঢাকার রাস্তায় বতর্মানে তাদের ৫০০ চালক আছেন, যাঁরা চুক্তি ভিত্তিতে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত তাঁদের সেবা পাওয়া যাবে। সালেহা বলেন, দিনে হাজারের বেশি গ্রাহক তাঁদের সেবা নিচ্ছেন। অ্যাপের মাধ্যমে সেবা চাওয়ার পর গ্রাহকের ঠিকানায় পৌঁছাতে ১৫ মিনিট সময় লাগে।
এসব সেবা বিশ্ববিদ্যালয়পড়ুয়ার পাশাপাশি বেকার যুবকদের আয়ের উৎস হয়েছে। নিজের একটি হোন্ডা, ড্রাইভিং লাইসেন্স থাকলেই এ সেবায় নাম নিবন্ধন করা যাচ্ছে। সঙ্গে থাকতে হচ্ছে একটি ১ জিবি র্যামের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ। এ সেবায় যুক্ত হতে নিতে হচ্ছে একটি ছোট প্রশিক্ষণ। রাজধানীর বনানীর পাঠাও অফিসের নিচে গত সপ্তাহে কথা হয় প্রশিক্ষণ নেওয়া পাঁচ বন্ধুর সঙ্গে। সবাই বিশ্ববিদ্যালয়পড়ুয়া। তাঁরা হলেন রায়ান, মামুন, শতাব্দী, জনি ও কলি। তাঁরা জানালেন, শখের বশেই প্রশিক্ষণ নিয়েছেন। প্রয়োজন মনে করলে মোটরবাইক ভাড়ায় দেবেন। রায়ান গত সোমবার মুঠোফোনে জানান, এক দিনেই খরচ বাদে ৬০০ টাকা আয় হয়েছে। এভাবে ভালো একটা বন্ধুও জুটেছে। এখন প্রতিদিনই দু-তিনটি ভাড়া ফরমাশ নেন তিনি। সেটা অবসর সময়ে, সুবিধামতো।
