চলতি মৌসুমে কৃষকদের উৎপাদিত ও হিমাগারে সংরক্ষিত বিপুল পরিমাণ আলু ভিজিএফ, ভিজিডি কার্ড, টেস্ট রিলিফ এবং ওএমএসের চালের সঙ্গে বিতরণ করার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।
সংগঠনটি থেকে গত বৃহস্পতিবার এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সমিতির সভাপতি জসীম উদ্দিনের সই করা ওই চিঠিতে বলা হয়, ২০১৩ মৌসুমে দেশে প্রায় ৮৫ লাখ টন আলু উৎপন্ন হয়েছে। এর মধ্যে দেশের ৩৮২টি হিমাগারে প্রায় ৪২ লাখ টন আলু সংরক্ষণ করা হয়েছে। আলুর দাম কম হওয়ায় হিমাগারগুলো থেকে আলু সরবরাহ হচ্ছে না। এতে কৃষকেরা সংকটে পড়েছেন। হিমাগারের মালিকেরাও বর্ধিত হারে বিদ্যুৎ বিল দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে আগামী পাঁচ মাসের মধ্যে হিমাগারগুলোতে সংরক্ষিত বিপুল পরিমাণ আলু বাজারজাত করা সম্ভব হবে না।
হিমাগারের মালিকদের সমিতি আরও বলেছে, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে ৭৬ লাখ ভিজিএফ কার্ড এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় সাড়ে সাত লাখ ভিজিডি কার্ডের মাধ্যমে প্রতি মাসে মাথাপিছু ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। চালের পাশাপাশি ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রতি মাসে মাথাপিছু ১০ কেজি ও ভিজিডি কার্ডের মাধ্যমে পাঁচ কেজি চালের দামের বিনিময়ে প্রাপ্য আলু বিতরণের পদক্ষেপ নেওয়া যেতে পারে।
জসীম উদ্দিন বলেন, ২০১১ সালে প্রায় ১০ লাখ টন উদ্বৃত্ত আলু বছরের শেষে অবিক্রীত থাকায় ফেলে দিতে হয়। সে জন্য কৃষকদের বাঁচানোর
স্বার্থে সরকারিভাবে ভিজিএফ ও ভিজিডি কার্ড, টেস্ট রিলিফ এবং ওএমএসের মাধ্যমে চালের সঙ্গে আলু বিতরণের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।