ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল নিশ্চিতে অভিযান
শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ভোক্তা পর্যায়ে শতভাগ ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআইয়ের নেতৃত্বে শিগগিরই অভিযান চালানো হবে। এ জন্য কাল বৃহস্পতিবার ভোজ্যতেল রিফাইনারি মালিক, আমদানিকারক ও ব্যবসায়ীদের অবহিত করা হবে।
বিসিকের ‘সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ তৈরির কার্যক্রমের মাধ্যমে আয়োডিন ঘাটতি পূরণ’ ও শিল্প মন্ত্রণালয়ের ‘ফর্টিফিকেশন অব এডিবল অয়েল ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ব্যবহারে সচেতনতা সৃষ্টির জন্য মতবিনিময় সভায় হয়। শিল্প মন্ত্রণালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় শিল্পসচিব এসব কথা বলেন।
সভায় জানানো হয়, ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ কর্মসূচির আওতায় সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি তেল শোধনাগারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ সমঝোতা অনুসারে ভোজ্যতেল রিফাইনারিগুলো তেল উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ভিটামিন এ সমৃদ্ধ করবে। বাকিদেরও ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল উৎপাদন ও বিপণনে বাধ্য করা হবে।
মতবিনিময় সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাজাদী আঞ্জুমান আরা, বিসিকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম, মাইক্রোনিউট্রেন্ট ইনিশিয়েটিভের এ দেশীয় পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, ইউনিসেফের নিউট্রিশন অফিসার আইরিন আক্তার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।