৭২ ঘণ্টা পর অভিযান শুরু করার কথা জানালেন শিল্পমন্ত্রী
ভিটামিন 'এ' বিহীন ভোজ্যতেল তুলে নেওয়ার নির্দেশ
বাজার থেকে ভিটামিন ‘এ’ বিহীন ভোজ্যতেল তুলে নিতে ব্যবসায়ীদের ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এই সময়ের পর বাজারে ভিটামিন ‘এ’ বিহীন ভোজ্যতেল পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন ও বিধিমালার ওপর আয়োজিত এক কর্মশালা উদ্বোধনকালে এই সময়সীমা বেঁধে দেন শিল্পমন্ত্রী। এ সময় তিনি ৭২ ঘণ্টা পর বাজারে বিশেষ অভিযান চালাতে দেশে পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইকে নির্দেশ দেন। ঢাকার মতিঝিলে এফবিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় রিফাইনারি মালিক, ভোজ্যতেল ব্যবসায়ী, আমদানিকারক, মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ একটি আন্তর্জাতিক কর্মসূচি। সে জন্য ভোক্তা পর্যায়ে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেলের জোগান নিশ্চিত করতে ‘ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন, ২০১৩’ পাস করেছে। এখন থেকে যাঁরা আইনটি ভঙ্গ করবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘ভোজ্যতেলের ৬০-৭০ শতাংশই খোলা বা লুজ আকারে বিক্রি হয়। এই অংশটি বাদ দিয়ে কেবল বোতলজাত ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ নিশ্চিত করলে কোনো কাজ হবে না। সে জন্য যারা খোলা আকারে আমদানি করেন, তাঁদেরও এই প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে হবে।’
ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ প্রকল্পের পরিচালক লুৎফর রহমান তরফদার বলেন, প্রতিটি কোম্পানি বিএসটিআইয়ের পরীক্ষাগারে ভোজ্যতেল পরীক্ষার পর ইতিবাচক ফলাফল পেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেলের নির্দিষ্ট লোগো বোতলের গায়ে ব্যবহার করতে পারবে। সেটি দেখেই ক্রেতারা বুঝতে পারবেন ওই বোতলজাত ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ আছে কি নেই।