জনস্বার্থে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল বিক্রি করতে সবাইকে বাধ্য করবে শিল্প মন্ত্রণালয়।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শিশু ও গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় ‘ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন-২০১৩’-এর আওতায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ আইন মেনে ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোকে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল বিপণন করতে হবে।
জাতীয় পর্যায়ে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেলের ব্যবহার বাড়াতে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে বক্তৃতাকালে মন্ত্রী এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন বাংলাদেশে ভোজ্যতেল সমৃদ্ধকরণ প্রকল্পের উদ্যোগে এ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
শিল্পমন্ত্রী বলেন, একটি মহল আইনের মারপ্যাঁচে ফেলে ভোজ্যতেলে ভিটামিন এ মেশানোর কর্মসূচিকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়েছিল। উচ্চ আদালতের রায়ের ফলে এখন থেকে বাধ্যতামূলকভাবে ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধ করতে হবে।
এর আগে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শিল্প মন্ত্রণালয়ের ফটক থেকে শুরু হয়ে আশপাশের এলাকা ঘুরে সেখানে এসেই শেষ হয়। এতে শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রকল্পটির পরিচালক ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান লুৎফর রহমান তরফদার প্রমুখ অংশ নেন।