
দুই ক্রেতাকে উত্তরায় একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটের লোকেশন, ফিটিংস, দরদামসহ বিভিন্ন বিষয় তথ্য দিচ্ছিলেন পিএফআই প্রপার্টিজের কর্মকর্তা আবু সুফিয়ান। একই সময় স্টলে আসেন আরেক ক্রেতা। সুফিয়ানের কাছ থেকে মিরপুর ও ধানমন্ডির ফ্ল্যাটের খোঁজখবর নেন তিনি।
মিনিট দশেক দাঁড়িয়ে থাকার পর পিএফআইয়ের এই কর্মকর্তার সঙ্গে কথা বলার সুযোগ হয়। জানালেন, বর্তমানে তাঁর প্রতিষ্ঠান ১৮টি অ্যাপার্টমেন্ট প্রকল্পের ১০০ ফ্ল্যাট বিক্রির জন্য প্রদর্শন করছে। গুলশান, উত্তরা, ধানমন্ডি, নিকেতন, মিরপুরে এসব ফ্ল্যাটের মূল্য প্রতি বর্গফুট সাড়ে ৫ থেকে সাড়ে ১০ হাজার টাকা।
ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে রিহ্যাবের শীতকালীন আবাসন মেলায় গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পিএফআইয়ের মতো অধিকাংশ আবাসন প্রতিষ্ঠানের স্টলেই ক্রেতা-দর্শনার্থীর ভিড় দেখা গেছে। তবে নামী প্রতিষ্ঠানের স্টলে সেটি কিছুটা বেশি। সরকারি ছুটি থাকায় শেষ বিকেলে ভিড় আরও বাড়ে।
অবশ্য কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা বললেন, মেলায় লোকসমাগম ভালো হলেও এখনো ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি। সাধারণত দেখে-শুনে মেলার শেষের দিকে ক্রেতারা বুকিং দেন। অনেকে সরেজমিনে প্রকল্প পরিদর্শন করেও সিদ্ধান্ত নেন। তবে কোনো কোনো প্রতিষ্ঠানের অবশ্য একটি বা দুটি ফ্ল্যাট বিক্রি হয়েছে।
রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আবাসন মেলার উদ্দেশ্য হচ্ছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংযোগ ঘটানো। মেলার প্রথম দুই দিনে সেটি অর্জন করা গেছে। বিক্রির বিষয়টি শনি-রবিবার বোঝা যাবে বলে মন্তব্য করেন তিনি।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেল, ক্রেতাদের আকৃষ্ট করতে আবাসন প্রতিষ্ঠানগুলো মূল্য ছাড়সহ বিভিন্ন অফার দিচ্ছে। যেমন ফ্ল্যাট কিনলে বিনা মূল্যে হীরার আংটি কিংবা আইফোন। তবে ক্রেতাদের বেশ সচেতনই মনে হলো। তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজখবর করে প্রচারপত্র নিয়ে যাচ্ছেন। বুঝে-শুনে তারপর সিদ্ধান্ত নেবেন।
এমনই একজন ক্রেতা ইকরাম হোসেন। স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে গতকাল বিকেলে তিনি মেলায় আসেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা এই ক্রেতা বললেন, ‘আট-দশটি প্রতিষ্ঠানের কাগজপত্র নিয়ে যাচ্ছি। বাসায় বসে হিসাব-নিকাশ করে সশরীরে গিয়ে ফ্ল্যাট দেখে তারপর চূড়ান্ত করব। চাকরি করি ভাই। একবার ভুল হলে আর উপায় নাই।’
তার আগে মেলায় প্রবেশ করতেই চোখে পড়ল ডম-ইনো ডেভেলপমেন্ট লিমিটেডের বড়সড় স্টল। প্রতিষ্ঠানটি গুলশান-২, উত্তরা, মহাখালী ডিওএইচএস, কলাবাগান, ধানমন্ডি, মালিবাগের ১২০টি অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট বিক্রির জন্য প্রচারপত্র বিলি করছে। ডম-ইনোর বিভিন্ন আয়তনের ফ্ল্যাটের মধ্যে গুলশানে প্রতি বর্গফুট ২০-২৫ হাজার, উত্তরায় সাড়ে ৮-১২ হাজার, মহাখালীতে ১৭-১৮ হাজার, কলাবাগানে ৯ হাজার, ধানমন্ডিতে সাড়ে ১৮ হাজার, মিরপুরে সাড়ে ৬ হাজার ও মালিবাগে সাড়ে ৬ থেকে ৭ হাজার টাকা।
জানতে চাইলে প্রতিষ্ঠানটির কর্মকর্তা আবদুল মতিন তালুকদার জানান, অনেক ক্রেতাই তাঁদের ফ্ল্যাটের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। আলোচনা সাপেক্ষে ফ্ল্যাটের দাম কিছুটা কমানো হয়। আর এখন পর্যন্ত একটি ফ্ল্যাট বিক্রি করেছেন বলেও জানালেন তিনি।
মেলায় আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি গৃহঋণের সুবিধা দিতে বিভিন্ন ব্যাংক ও লিজিং কোম্পানি, স্যানিটারি পণ্য, জেনারেটর, দরজা, পরিবেশবান্ধব ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্টলও আছে।
রিহ্যাবের এই মেলা রোববার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে মেলা।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ম্যাজিস্ট্রেট এ কে এম মারুফ হোসেনের নেতৃত্বে মেলায় অনুমোদনহীন প্রকল্প ও অ্যাপার্টমেন্টের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। তবে গতকাল সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজউক কোনো অনিয়ম পায়নি বলে জানা গেছে।
জানতে চাইলে মারুফ হোসেন প্রথম আলোকে বলেন, মেলার প্রথম দিন অনুমোদনহীন প্লট বিক্রি না করতে চার প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছিল। আজ (গতকাল) সেসব স্টল গিয়ে দেখা যায়, তারা নির্দেশ মানছে।