ভিড় বেড়েছে করদাতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় আয়কর মেলায় নিবন্ধনের জন্য ফরম পূরণ করছেন করদাতারা ষ ফোকাস বাংলা
ঢাকায় আয়কর মেলায় নিবন্ধনের জন্য ফরম পূরণ করছেন করদাতারা ষ ফোকাস বাংলা

আয়কর মেলায় দ্বিতীয় দিনেই করদাতাদের ব্যাপক ভিড় দেখা গেছে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়কর মেলায় আসা করদাতারা বার্ষিক বিবরণী দাখিল ও কর প্রদান করছেন। এ ছাড়া পুরোনো টিআইএন অনলাইনে পুনর্নিবন্ধন ও নতুন ই-টিআইএন প্রদানের কাজও চলেছে পুরোদমে। গতকাল মঙ্গলবার সারা দিনই রাজধানীর অফিসার্স ক্লাবে এমন চিত্রই দেখা গেছে।
এদিকে জামায়াতে ইসলামীর ডাকা আজ বুধবার ও আগামীকালের হরতালের মধ্যেও আয়কর মেলা চলবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। হরতালেও অন্য দিনের মতো সকাল ১০ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলায় সব ধরনের করসেবা পাওয়া যাবে।
মেলার প্রথম দিনে ই-টিআইএন নিতে জাতীয় পরিচয়পত্রের তথ্যের যাচাই-বাছাইয়ে জন্য নির্বাচন কমিশনের সার্ভার কাজ করেনি। তবে গতকাল সেই সমস্যা আর দেখা যায়নি। তাই সকাল থেকেই নতুন ই-টিআইএ প্রদান ও পুরোনো টিআইএন পুনর্নিবন্ধনের বুথে বেশ ভিড় ছিল। সেবা নিতে একটু সময় লাগলেও করদাতারা খুশি।
তবে অনেক করদাতা অভিযোগ করেছেন, অনলাইনে পুরোনো টিআইএন পুনর্নিবন্ধন নেওয়া সময় টিআইএনটি অকার্যকর (ইনভ্যালিড) দেখানো হচ্ছে। কিন্তু তাঁদের অনেকেই নিয়মিত কর দিয়ে আসছেন। জানা গেছে, ইতিমধ্যে এই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া গতকাল থেকে নতুন করে চারটি বুথ খোলা হয়েছে যেখানে ই-টিআইএনের যেকোনো ধরনের ভুল সংশোধন করা হচ্ছে। ৪৫ থেকে ৪৮ নম্বর পর্যন্ত বুথে এই সেবা দেওয়া হচ্ছে। আর নতুন ইটিআইনের জন্য ১১ থেকে ২০ নম্বর বুথে, পুনর্নিবন্ধনের জন্য ২১ থেকে ৪৪ নম্বর বুথে সেবা দেওয়া হচ্ছে।
গতকাল থেকে দেশের ১১টি জেলায় দুই দিনের করমেলা শুরু হয়েছে। জেলাসমূহ হলো মৌলভীবাজার, সিরাজগঞ্জ, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, ময়মনসিংহ, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, দিনাজপুর ও নীলফামারী।
এদিকে মেলা শুরু হওয়ার এক দিন পর চট্টগ্রামের আগ্রাবাদে সড়ক ও জনপথ বিভাগের মাঠে গতকাল আয়কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এনবিআরের সদস্য মো. বশির উদ্দিন আহমেদ এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর অঞ্চল ১-এর কমিশনার দবির উদ্দিন। মেলায় ই-টিআইএনসহ বিভিন্ন সেবা দিতে ৬০টি বুথ স্থাপন করা হয়েছে।
গতকাল সারা দেশের করমেলায় ৬২ হাজার ৮৩২ জনকে সেবা নিয়েছেন। ১১ হাজার ৬৪৯ জন করদাতা বিবরণী জমা দিয়েছেন। এতে ১০১ কোটি ১৯ লাখ টাকা কর পাওয়া গেছে। নতুন ই-টিআইএন নিয়েছেন দুই হাজার ৭১ জন এবং পুনর্নিবন্ধন করা হয়েছে ১২ হাজার ৪৭২টি টিআইএনের।