ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকেরা এখন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নিতে পারবেন। দেশের বাইরে থাকা অবস্থায় পর্ষদ/নির্বাহী কমিটি/নিরীক্ষা কমিটির কোনো সভায় অংশগ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিলে তাঁরা এ সুযোগ পাবেন। তবে এ জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, কোনো আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান অথবা পরিচালকের দেশের বাইরে অবস্থানজনিত কারণে সভায় অংশগ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিলে সভায় অংশ নিতে পারবেন। তবে এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বেশির ভাগ সময়ই দেশের বাইরে অবস্থান করেন। ফলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পরিপালনে পর্ষদ সভায় প্রয়োজন পড়লেও সভা করতে পারছে না। এ ছাড়া জরুরি প্রয়োজন পড়লেও সভা অনুষ্ঠিত হচ্ছে না। এদিকে আর্থিক প্রতিষ্ঠানের বিদেশি পরিচালকেরাও অনেক সময় সভায় অংশ নিতে পারছেন না। এ কারণে ভিডিও কনফারেন্সে সভায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।