বিকেএমইএ কমপ্লেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তারপর সাত বছর পার হলেও কাজের কাজ কিছু হয়নি। তবে নতুন করে আবার ভিত্তিপ্রস্তর স্থাপনের তোড়জোড় চলছে। এমনটিই হতে চলেছে নারায়ণগঞ্জে ‘বিকেএমইএ কমপ্লেক্স’ ভবন নির্মাণে।
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্র অনুযায়ী কাল শনিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় খাজা সুপার মার্কেটের পেছনে বিকেএমইএ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করার কথা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানসহ কয়েকজনের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি সেলিম ওসমান।
খোঁজ নিয়ে জানা যায়, একই জায়গায় ২০০৬ সালের ২৭ এপ্রিল তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান বিকেএমইএ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরে ২০০৮ সালের ১০ নভেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আনোয়ার ইকবাল, হোসেন জিল্লুর রহমান, হাসান আরিফ ও গোলাম কাদের বিকেএমইএ কমপ্লেক্সের জমিটি পরিদর্শন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিকেএমইএর একাধিক সদস্য জানান, সেলিম ওসমান ২০১২ সাল থেকে বিকেএমইএর সভাপতির দায়িত্বে আছেন। তাঁর মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে দ্বিতীয়বারের মতো কমপ্লেক্সটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। ২০১৬-১৮ সময়ের জন্য বিকেএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর।
সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৫ দশমিক ৭১ শতাংশ জমির ওপর কমপ্লেক্সটি হওয়ার কথা। সেখানেই সংগঠনটির প্রধান কার্যালয় হবে। বর্তমানে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের দুটি তলা ভাড়া নিয়ে প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করছে বিকেএমইএ।