ভিন্ন খাতে ব্যবহূত ঋণের অর্থ ১৫ জানুয়ারির মধ্যে সমন্বয়ের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে শেয়ারবাজারে অর্থ খাটানো রোধ করতে এবার বাংলাদেশ ব্যাংক শক্ত পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে যেসব ঋণগ্রহীতা ঋণের টাকা এভাবে অপব্যবহার করেছেন, কেন্দ্রীয় ব্যাংক তাঁদের চিহ্নিত করতে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীকে দায়িত্ব দিয়েছে।বাংলাদেশ ব্যাংক এক নির্দেশে ব্যাংকগুলোকে বলেছে, এক কোটি বা তার বেশি অঙ্কের টাকা ঋণ করে যেসব গ্রহীতা ভিন্ন খাতে ব্যবহার করেছেন, সেসব ঋণ আগামী ১৫ জানুয়ারির মধ্যে সমন্বয় করতে হবে।এ জন্য ইতিমধ্যে এক কোটি টাকা বা এর বেশি ঋণ যেসব গ্রাহককে দেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে এখন নিজ দায়িত্বে সেগুলো সরেজমিনে তদন্ত করে এসব ঋণের ব্যাপারে বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। ১৪ ডিসেম্বরের মধ্যে এসব তথ্য কেন্দ্রীয় ব্যাংককে দিতে হবে।একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক সতর্ক করে দিয়ে বলেছে, ১৫ জানুয়ারির পর যদি বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ভিন্ন খাতে ঋণ ব্যবহারের কোনো নজির পাওয়া যায়, তাহলে তদারকিতে শৈথিল্যের কারণে ওই ব্যাংকের প্রধান নির্বাহীকে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে। সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের হুঁশিয়ার করে দিয়েছে।বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত নির্দেশ বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে বলে বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে।উল্লেখ্য, সম্প্রতি বেসরকারি এক্সিম (এক্সপোর্ট-ইমপোর্ট) ব্যাংকের গুলশান শাখা থেকে তিনটি কোম্পানির নামে বিতরণ করা শিল্পের চলতি মূলধনের ঋণের প্রায় ৩০ কোটি টাকা সরাসরি শেয়ার কিনতে গ্রাহকের বিও হিসাবে জমা হওয়ার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত অপর এক কোম্পানি আনলিমা ইয়ার্নের নামে সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা থেকে নেওয়া সাড়ে তিন কোটি টাকার চলতি মূলধন ঋণ সরাসরি শেয়ারবাজারে খাটানোরও প্রমাণ পায় কেন্দ্রীয় ব্যাংক। আরও কয়েকটি ব্যাংকের বেশ কয়েকটি ঋণ হিসাবে এ ধরনের অনিয়মের তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে রয়েছে বলে জানা গেছে।সূত্র জানায়, গতকাল জারি করা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যাংকের কোনো কোনো ঋণগ্রহীতা ঋণ আবেদন অনুযায়ী যে উদ্দেশ্যে ঋণের অর্থ ব্যবহার করার কথা, তা করছেন না। এই টাকা ভিন্ন খাতে ব্যবহার করা হচ্ছে, যা দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে।এ ধরনের অনিয়ম রোধ করতে গত ৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংক এক নির্দেশ জারি করেছিল। ওই নির্দেশে ঋণ বিতরণের পর আবেদন অনুসারে যথাযথ খাতে তা ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকির ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছিল।কিন্তু এর পরও দেখা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে না। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক এক কোটি বা এর চেয়ে বেশি অঙ্কের টাকা ঋণ করে যেসব গ্রহীতা অন্য খাতে ব্যবহার করেছেন, ব্যাংকগুলোকে তা সরেজমিনে তদন্ত করে তালিকা ১৪ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে বলেছে।