ভিশন টিভিতে বিনা মূল্যে দেখা যাবে চরকির কনটেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিশন ইলেকট্রনিকসের নির্বাহী পরিচালক কাজী রাসেদুল ইসলাম ও চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি চুক্তিতে স্বাক্ষর করেন।

এখন থেকে ভিশন ইলেকট্রনিকসের অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশনের গ্রাহকেরা ১৮ মাস বিনা মূল্যে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির কনটেন্ট দেখতে পারবেন। ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের আরও সহজে বিনোদনের সুযোগ করে দিতে অংশীদারি চুক্তি করেছে চরকি ও ভিশন ইলেকট্রনিকস।

গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে চরকির কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। ভিশন ইলেকট্রনিকসের নির্বাহী পরিচালক কাজী রাসেদুল ইসলাম ও চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে এখন থেকে ভিশনের স্মার্ট টিভিতে চরকির অ্যাপটি বিল্ট-ইন অবস্থায় থাকবে। তাতে ভিশনের স্মার্ট টিভি কিনে ১৮ মাস বা দেড় বছর পর্যন্ত বিনা মূল্যে চরকির প্রিমিয়াম কনটেন্ট দেখার সুযোগ পাবেন গ্রাহকেরা।

চুক্তি স্বাক্ষর শেষে ভিশন ইলেকট্রনিকসের নির্বাহী পরিচালক কাজী রাসেদুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যে চরকি অনেক ভালো করেছে। খুব দ্রুত সময়ে এটি দেশের শীর্ষ ওটিটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সেই অগ্রযাত্রায় দেশীয় ব্র্যান্ড ভিশন ইলেকট্রনিকস চরকির সহযোগী হতে পারায় আমরা আনন্দিত। এই অংশীদারি ভিশনের গ্রাহকদের জন্য উপহার।’

রাসেদুল ইসলাম আরও বলেন, বর্তমানে ভিশনের স্মার্ট টেলিভিশন বাজারে ভালো সাড়া ফেলেছে। দেশীয় ব্র্যান্ডগুলোর মধ্যে পরিমাণ ও মানে এটি শীর্ষস্থানে আছে। তাই ভিশনের স্মার্ট টিভির গ্রাহকদের আরও বেশি বিনোদনের সুযোগ করে দিতে চরকির সঙ্গে অংশীদারি চুক্তি করা হলো।

আর চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকির কনটেন্ট বা অনুষ্ঠান বর্তমানে দেশে-বিদেশে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে, এই কনটেন্টগুলো যতটা বেশি সম্ভব দর্শকদের কাছে পৌঁছে দেওয়া। সে লক্ষ্যেই ভিশন ইলেকট্রনিকসের সঙ্গে এই অংশীদারি, যা দর্শকের কাছে চরকিকে আরও সহজে পৌঁছে দেবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, হেড অব ডিজিটাল বিজনেস জাবেদ সুলতান, চরকির পার্টনারশিপ কর্মকর্তা নীল হুরেজাহান, চরকির বিপণন ও ব্যবসায় বিভাগের প্রধান মুহাম্মদ শফিকুল ইসলাম।

ভিশন ইলেকট্রনিকসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান রকিব আহমেদ, জ্যেষ্ঠ ব্র্যান্ড ব্যবস্থাপক শেখ মাহাবুবুর রহমান, ভিশন এলইডি টিভির পরিচালনা বিভাগের প্রধান ফরহাদ হাসান, গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. নাজনুজ জামান প্রমুখ।