ভিসা ছাড়াও বিদেশ যেতে মিলবে বৈদেশিক মুদ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবতরণের পর ভিসা দেয় ও ভিসা ছাড়াই প্রবেশ করা যায়—এমন দেশ ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিরা এখন ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা পাবেন। তবে বার্ষিক ভ্রমণ কোটার বেশি মুদ্রা কোনোভাবেই পাওয়া যাবে না। এ ছাড়া দাপ্তরিক প্রয়োজনে বিদেশ সফরে প্রাপ্য বৈদেশিক মুদ্রা ছাড় করার ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, সার্কভুক্ত দেশ ও মিয়ানমার ভ্রমণের ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ৫ হাজার ডলার ব্যয় করা যায়। এ ছাড়া অন্য দেশগুলোর জন্য বছরে সর্বোচ্চ ৭ হাজার ডলার ব্যয় করা যায়। অর্থাৎ সব মিলিয়ে একজন ব্যক্তির ১২ হাজার ডলার খরচের সুযোগ রয়েছে। চিকিৎসা বাবদ বছরে অনুমোদন ছাড়াই ১০ হাজার ডলার পর্যন্ত খরচের সুযোগ রয়েছে।
পাসপোর্টের তথ্যসংক্রান্ত ওয়েবসাইট পাসপোর্ট ইনডেক্স-এর তথ্যমতে, বাংলাদেশের পাসপোর্টধারীরা ৩৬টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। এর মধ্যে ২০টি দেশে অবতরণের পর ভিসা দেয় ও ১৬টি দেশে ভিসা ছাড়াই ঢুকতে দেয়। অর্থাৎ এসব দেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিরা এখন ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা পাবেন। আগে এসব দেশ ভ্রমণের ক্ষেত্রে ব্যাংক সর্বোচ্চ ২০০ ডলার পর্যন্ত ইন্ডোর্স করতে পারত। এখন থেকে এসব দেশ ভ্রমণেও গ্রাহককে সীমার মধ্যে খরচ করতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে কিছু দেশে অবতরণের পর ভিসা প্রদান করা হয়। এ ধরনের দেশে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা ছাড়াই সংশ্লিষ্ট দেশ বা অঞ্চলের জন্য প্রযোজ্য অব্যবহৃত বার্ষিক ভ্রমণ কোটার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে। অবতরণের পর ভিসা পাওয়া যায় এমন দেশ ভ্রমণের উদ্দেশ্যে গ্রাহক ব্যাংকের কাছে তথ্য জমা দিলে ব্যাংক বৈদেশিক মুদ্রা দেবে। দাপ্তরিক প্রয়োজনে বিদেশ সফরে প্রাপ্য সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রাপ্য বৈদেশিক মুদ্রা ছাড়করণের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে।