ভিসা সহজ করার দাবি ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভারতীয় ভিসা-প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।মতিঝিলে ফেডারেশনের কার্যালয়ে গতকাল বুধবার ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।সভায় এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ‘ভিসা দেওয়ার প্রক্রিয়া রপ্তানিকে উৎসাহিত করার মতো না। ভারতীয় হাইকমিশনে ভিসার জন্য অনলাইনে আবেদনের সুযোগও সীমিত। ভিসার জন্য অনেক ধরনের শর্ত পূরণ করতে হয়। অনেক সময় সামান্য ভুলের জন্য ভিসা বাতিল করা হয়। ভিসা আবেদন কেন্দ্রের কর্মকর্তারা অনেক সময়ই মোটেও বন্ধুত্বপূর্ণ আচরণ করেন না।’একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন যে ভিসার জন্য ভারতীয় হাইকমিশনে গেলে অনেক সময়ই খুবই অসদাচরণের শিকার হতে হয়। ভারতের বিমানবন্দরে নেমেও হেনস্তা হতে হয়। তবে ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য ব্যবসায়ীদের এসব অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, আলোচনায় ভিসাকে যেভাবে সমস্যা হিসেবে দেখানো হয়েছে, আসলে বাণিজ্যের ক্ষেত্রে তা তেমন প্রতিবন্ধক না।সঞ্জয় আরও বলেন, অনেকেই ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে গিয়ে ব্যবসার কাজ করেন, যা আইনি অপরাধ। তিনি বলেন, ভারত বাংলাদেশি ব্যবসায়ীদের তিন, ছয় ও নয় মাস এবং এক ও দুই বছরের জন্য একাধিকবার গমনযোগ্য (মাল্টিপল) ব্যবসা-ভিসা দিয়ে থাকে। কিন্তু বাংলাদেশে ভারতীয় ব্যবসায়ীদের এক মাসের জন্য এবং একবার প্রবেশাধিকার দিয়ে ভিসা দেওয়া হয়।