ভিড় এখন মসলার বাজারে, কিছুটা বেড়েছে দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ সামনে রেখে মসলার দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। ছবিটি রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা। ছবি : আবদুস সালাম
ঈদ সামনে রেখে মসলার দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। ছবিটি রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা। ছবি : আবদুস সালাম

ঈদের ঠিক আগে আগে মসলার বাজারে ভিড় করছেন ক্রেতারা। বিক্রেতারা জানালেন, মসলার বাজারে মানুষ আসতে শুরু করেছেন। বিক্রিও বেশ ভালো। তাঁরা আশা করছেন চাঁদ রাতে তাঁদের বিক্রি আরও জমবে।

এদিকে মসলার দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। তবে মসলা আমদানিকারকদের দাবি, নতুন করে ভ্যাট বৃদ্ধির আশঙ্কায় কিছুটা বেশি দামে মসলা কিনতে হচ্ছে।
মসলার সরবরাহ ও দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পাইকারি মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনায়েতুল্লাহ প্রথম আলোকে বলেন, দেশে মসলার চাহিদা ও সরবরাহ ঠিক আছে। পাইকারি পর্যায়ে মসলার বিক্রি শেষ। ঈদের আগে এখন খুচরা বাজারে বিক্রি চলেছে। নতুনভাবে ভ্যাট আরোপ করার কারণে দাম বেড়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, নতুন ভ্যাট যেহেতু কার্যকর হয়নি তাই পাইকারি বাজারে দাম বাড়ার কারণ নেই। তবে ভ্যাট বাড়ার খবর শুনে খুচরা বাজারে কিছুটা দাম বাড়তে পারে।
কারওয়ান বাজার ও হাতিরপুল বাজারে ঘুরে দেখা গেল ক্রেতারা মসলার দোকানে ভিড় করছেন আর কিনছেন নানা রকমের মসলা। এসব বাজারে মসলার মধ্যে বিভিন্ন ধরনের ছোট এলাচের দাম ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। ছোট এলাচ আকার ও রকম ভেদে বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে। দারুচিনি প্রতি কেজির দাম ৩০০ থেকে ৩১০ টাকা, লবঙ্গ ৯০০ থেকে ৯২০ টাকা, জিরা ২৮০ থেকে ৩০০ টাকা, গোল মরিচ ১ হাজার টাকা, তেজপাতা ১৫০ থেকে ১৬০ টাকা, কাঁচা বাদাম ৯৫ থেকে ১০০ টাকা, কিশমিশ ২৯০ থেকে ৩০০ টাকা, কাঠবাদাম প্রতি কেজির দাম ৭০০ থেকে ৭২০ টাকা।

ঈদের ঠিক আগে আগে মসলার বাজারে আসছেন ক্রেতারা। ছবিটি রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা। ছবি : আবদুস সালাম
ঈদের ঠিক আগে আগে মসলার বাজারে আসছেন ক্রেতারা। ছবিটি রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা। ছবি : আবদুস সালাম

মাংস রান্নার অন্যতম মসলা আদার দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। এক সপ্তাহ আগে যে আদা বিক্রি হতো ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে, আজ খুচরা বাজারে তা বিক্রি হয়েছে ১০০ থেকে ১৩০ টাকা। এ ছাড়া পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা, চীনা রসুন ২০০ থেকে ২৩০ টাকা, দেশি রসুন ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিভিন্ন মুদি দোকানে প্যাকেটজাত মসলার নানা ধরনের গুঁড়ার মধ্যে প্রতি ১০০ গ্রাম ধনিয়ার গুঁড়া ৩৫ টাকা, মরিচের গুঁড়া ৪৬ টাকা, হলুদের গুঁড়া ৪২ টাকা, জিরার গুঁড়া ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারে পাইকারি ও খুচরা মসলা বিক্রেতা সোনালি জেনারেল স্টোরের বিক্রেতা মো. দুলাল হোসেন বলেন, ঈদের আগে আগে মানুষ মসলার বাজারে আসতে শুরু করে। আগের কয়েক দিনের তুলনায় এখন দোকানে মানুষ আসছে বেশি। বেচা-বিক্রিও বেশ ভালো। দাম বেড়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বাজেটের পর বিভিন্ন মসলার দাম কিছুটা বেড়েছে।
আরেক বিক্রেতা উপহার জেনারেল স্টোরের বিক্রেতা বাবুল হোসেন বলেন, ঈদে ছোট এলাচ, দারুচিনি, জিরার চাহিদা সবচেয়ে বেশি। এর বাইরে তেজপাতা কেনেন ক্রেতারা। মাংস, পোলাও, সেমাই রান্না করতে নানা ধরনের মসলা ব্যবহৃত হয়। তবে কোরবানি ঈদের মতো মসলা এই ঈদে বেশি বিক্রি হয় না। চাঁদরাতে মসলার বাজারে মানুষ সবচেয়ে বেশি ভিড় করে। এবারও চাঁদ রাতে বেশি ক্রেতা মসলার দোকানে ভিড় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চার দিন আগে শাহজালাল জেনারেল স্টোরে গিয়ে কথা হয় দোকানটির স্বত্বাধিকারী শাহজালালের সঙ্গে। তিনি জানিয়েছিলেন মসলার বাজারে ক্রেতা কম আসছে। আজ সকালে তাঁর সঙ্গে আবার কথা হয়। মসলার বাজার আজ কেমন, জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ হ এখন লোক বেশি আসতেছে। বিক্রিও বাড়ছে। আশা করি চান রাত পর্যন্ত ভালোই বেচাকেনা হইবো।’
কারওয়ান বাজারে মসলা কিনছিলেন গার্ডেন রোডের বাসিন্দা আবদুস ছাত্তার। তিনি বলেন, ঈদের তো আর খুব বেশি বাকি নেই। তাই সেমাই-চিনি মাছ মাংসের সঙ্গে মসলাও কিনছেন। তিনি দারুচিনি, ছোট এলাচ, জিরা, লবঙ্গ এসব কিনেছেন। সব মসলার ক্ষেত্রে দাম কিছুটা বেড়েছে বলে জানান তিনি।
হাতিরপুলে কথা হয় বেসরকারি ব্যাংকের চাকরিজীবী তানজিলা আহসানের সঙ্গে। তিনি জানালেন, সারা বছরই টুকটাক মসলা কেনা হয়। তবে দুই ঈদের আগে মসলা বেশি কেনেন তিনি। তিনি বলেন, মসলার ওপর রান্নার স্বাদ অনেকাংশ নির্ভর করে। তাই দেখে শুনে মসলা কিনছি। দাম বেড়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, খুব বেশি দাম বাড়েনি। তবে ঈদের আগে মসলা ভেদে ৫ থেকে ১০ টাকা বেড়েছে।