ভুটানকে দেওয়া শুল্কমুক্ত পণ্যতালিকা পুনর্বিন্যাস হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানকে দেওয়া শতভাগ শুল্কমুক্ত সুবিধার পণ্যতালিকা পুনর্বিন্যাস করা হচ্ছে। দুটি নতুন পণ্য তালিকায় প্রবেশ করছে, বাদ যাচ্ছে দুটি পণ্য। নতুন করে যুক্ত হয়েছে আলুবীজ ও প্লাস্টার অব প্যারিস। অন্যদিকে বাদ দেওয়া হয়েছে গাম রেজিন ও ফেরো সিলিকন। এ ছাড়া বোল্ডারের পরিবর্তে ছোট ছোট পাথরও আমদানি করা যাবে।ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত সারসংক্ষেপ অর্থমন্ত্রীর অনুমোদনের জন্য তৈরি করেছে। অর্থমন্ত্রীর অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আদেশ জারি করবে এনবিআর। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।বর্তমানে ১৮টি পণ্যে ভুটানকে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), অগ্রিম আয়করসহ সব ধরনের কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।এনবিআর সূত্রে জানা গেছে, শুল্কমুক্তভাবে টেট্রা প্যাকড জুস রপ্তানির সুবিধা চেয়েছে ভুটান। কিন্তু স্থানীয় বাজার হুমকির মুখে পড়তে পারে—এমন আশঙ্কায় এই পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিতে রাজি হয়নি এনবিআর।এ ছাড়া নকুগাঁও ও হালুয়াঘাট শুল্কস্টেশন দিয়ে পণ্য আনা-নেওয়ার সুবিধা চেয়েছে ভুটান। কিন্তু গুদাম, পরিমাপনব্যবস্থাসহ পর্যাপ্ত অবকাঠামো না থাকায় আপাতত রাজি হয়নি এনবিআর।বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য আনা-নেওয়ার জন্য চলতি বছরের শুরুতে ট্রানজিট-সুবিধাও চেয়েছে ভুটান। নীতিগতভাবে একমত হলেও এখনো চূড়ান্ত মতামত দেওয়া হয়নি। পুরো বিষয় আরও পর্যালোচনা করে ভুটানকে ট্রানজিট দেওয়া হবে হবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।