ভুটানে পণ্য রপ্তানি ব্যাহত
অপরিহার্য নয়—এমন পাঁচ ধরনের পণ্য তৃতীয় দেশ থেকে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভুটান সরকার। এসব পণ্যের তালিকায় রয়েছে: মোটরযান, আসবাবপত্র, বিভিন্ন ধরনের জুস ও পানীয়, মদ এবং চিপস, নুডলসসহ কিছু স্ন্যাকস।ভুটানের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতীয় রুপি-সংকটের অজুহাতে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে দেশটিতে বিভিন্ন দেশের অন্তত পাঁচ হাজার পণ্যের রপ্তানি বাধাগ্রস্ত হবে।উল্লেখ্য, ভুটানি মুদ্রা নগালট্রাম ভারতীয় মুদ্রা রুপির সঙ্গে সরাসরি বিনিময় হারে আবদ্ধ (পেগ)। আর ভুটানের বৈদেশিক মুদ্রার রিজার্ভও মূলত ভারতীয় রুপিতে সংরক্ষিত হয়। ভুটান সরকারের এই সিদ্ধান্ত বাংলাদেশ-ভুটান দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট পণ্য রপ্তানিকারকেরা। সে কারণে রাষ্ট্রীয় পর্যায়ে বিষয়টি ভুটান সরকারের সঙ্গে আলোচনা করতে ইতিমধ্যে অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছেন রপ্তানিকারকেরা।গত ২৩ মার্চ ভুটানের অর্থ মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগ পাঁচ ধরনের পণ্য তৃতীয় দেশ থেকে আমদানি না করতে ব্যবসায়ীদের নির্দেশ দেয়। সীমান্ত দেশ হিসেবে ভারত হচ্ছে ভুটানের দ্বিতীয় দেশ। অর্থাৎএসব পণ্য রপ্তানিতে ভারতের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। বাংলাদেশসহ যেসব দেশের সঙ্গে সীমান্ত নেই বা যেসব দেশকে মূলত ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে ভুটানে পণ্য রপ্তানি করতে হয়, সেসব দেশকে মোটাদাগে তৃতীয় দেশ হিসেবে অভিহত করা হয়েছে।বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে ভুটানে ৩১ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়। বিপরীতে আমদানি হয় এক কোটি ৮৬ লাখ ডলারের পণ্য। চলতি অর্থবছরের প্রথমার্ধে দেশটিতে ২০ লাখ ডলার রপ্তানির বিপরীতে আমদানি হয়েছে ৯১ লাখ ডলারের পণ্য।বাংলাদেশ থেকে ভুটানে মূলত কৃষি প্রক্রিয়াজাত পণ্যই বেশি রপ্তানি হয়। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি হওয়া ২০ লাখ ডলারের মধ্যে ১১ লাখই আয় হয়েছে কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি থেকে।কিন্তু ভুটান সরকারের নিষেধাজ্ঞায় বড় বাজার হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে পড়েছেন এ খাতের রপ্তানিকারকেরা। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)।বাপা বলেছে, ভুটানের নিষেধাজ্ঞার কারণে এপ্রিল মাস থেকে দেশটিতে কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি ব্যাহত হচ্ছে। ২০১১ সালে মালদ্বীপে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে সার্ক রাষ্ট্রপ্রধানেরা অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে পারস্পরিক সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এক বছর পরই বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য ভুটানের রপ্তানি সীমিতকরণের বিষয়টি ব্যবসায়ীদের আশাহত করেছে।বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার আহ্বান জানায় সংগঠনটি।বাপার সাধারণ সম্পাদক রাজু আহমেদ গত রাতে প্রথম আলোকে বলেন, ‘ভুটান থেকে আমরা বিনা শুল্কে পণ্য আমদানি করি, কিন্তু ভুটান আমাদের পণ্য আমদানির ওপর কর পাঁচ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করেছে।’ রাজু আহমেদ আরও জানান, ভুটানে পণ্য আমদানির ক্ষেত্রে আমদানিকারককে প্রতিবার বাণিজ্য বিভাগের অনুমতি নিতে হয়। ভুটান এমনিতে বলছে যে, বাংলাদেশ এই নিষেধাজ্ঞার মধ্যে পড়ে না। কিন্তু সে দেশের আমদানিকারকেরা বাংলাদেশ থেকে পণ্য আমদানি করতে চাইলে তাঁদের অনুমতিও দিচ্ছে না বাণিজ্য বিভাগ।