ভুটান সরকার সৈয়দপুর বিমানবন্দরকে তাদের ট্রানজিট হিসেবে ব্যবহারের আগ্রহ দেখিয়েছে। এর সম্ভাব্যতা খতিয়ে দেখতে সে দেশের তথ্য ও যোগাযোগমন্ত্রী লিওপো নন্দলাল রায়ের নেতৃত্বে ১৪ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল ১৯ মে সৈয়দপুরে আসছে।এদিকে ভুটানের আগ্রহের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও সৈয়দপুর বিমানবন্দরে এরই মধ্যে আনুষঙ্গিক কাজকর্ম শুরু করেছে। সূত্র জানায়, ভৌগোলিক অবস্থানসহ নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ায় ভুটান সরকার তাদের বিমান চলাচলের জন্য সৈয়দপুর বিমানবন্দর একটি উপযুক্ত স্থান বলে মনে করে। বিশেষ করে সৈয়দপুরের সঙ্গে ভুটানের দূরত্ব কম হওয়ায় (মাত্র দেড় শ কিলোমিটার) হওয়ায় তারা বেশি আগ্রহ দেখাচ্ছে। ভুটানের রাজধানী থিম্পুতে একটি বিমানবন্দর থাকলেও সেখানকার আবহাওয়া মাঝে মাঝে দুর্যোগপূর্ণ হয়ে ওঠে এবং এতে আন্তর্জাতিক গন্তব্যের বিমানগুলোর চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সেক্ষেত্রে ভুটানের জন্য ট্রানজিট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহূত হতে পারে।এ ছাড়া ভুটানের প্রতিনিধিদলটি বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দর ব্যবহারের সম্ভাব্যতা নিয়েও আলোচনা করবে বলে জানা গেছে। সৈয়দপুর বিমানবন্দরের কর্মকর্তারা দাবি করেন, এটি সম্পূর্ণ চালু অবস্থায় থাকায় এবং এখানকার টার্মিনাল ভবন, লাউঞ্জ ও ভিআইপি লাউঞ্জ সবই উন্নতমানের। এ ছাড়া বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় লালমনিরহাট বিমানবন্দরটির অবকাঠামোগত অবস্থা এখন একেবারেই ভালো নয়। সেটি নতুন করে নির্মাণ করা দরকার। এ ছাড়া নতুন একটি বিমানবন্দর নির্মাণে প্রায় এক হাজার কোটি টাকা প্রয়োজন এবং তা সময়সাপেক্ষও বটে। সে জন্য ভুটান সরকার বড় অঙ্কের অর্থ ব্যয় ও দীর্ঘদিন অপেক্ষা করার চেয়ে বর্তমানে সম্পূর্ণ তৈরি থাকা সৈয়দপুরকেই ট্রানজিট এয়ারপোর্ট হিসেবে দেখতে চায়। এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শহীদুল আলম চৌধুরী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, ‘এই বিমানবন্দর বর্তমানে সম্পূর্ণ চালু অবস্থায় রয়েছে। কাজেই আমরা সব রকম বিমান উড্ডয়ন ও অবতরণের জন্য প্রস্তুত।’ এ ছাড়া সৈয়দপুর বিমানবন্দরে আগামী ১৯ জুন থেকে নিয়মিত অভ্যন্তরীণ বাণিজ্যিক ফ্লাইটও শুরু হবে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অব্যাহত লোকসানের কথা উল্লেখ করে সৈয়দপুর বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়।