ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তি চূড়ান্ত পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।বাণিজ্যমন্ত্রী বলেন, যোগাযোগব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং সীমান্তে আনুষ্ঠানিকতা সহজ করে দেশটির সঙ্গে বাণিজ্যের প্রসার ঘটাতে হবে। একই চাওয়া ভুটানেরও। ট্রানজিট চুক্তি হয়ে গেলে লাভবান হবে উভয় দেশই। সচিবালয়ে গতকাল মঙ্গলবার সফররত ভুটানের অর্থনীতিবিষয়ক সচিব দাশো সোনাম টিশিরিংয়ের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শওকত আলী ওয়ারেছীসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে ভুটান বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশটির সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিপুল সুযোগ রয়েছে। এ জন্য উভয় দেশের ব্যবসায়ীদের আগ্রহ থাকতে হবে। বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রাম ও মংলা বন্দর এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে ভুটান আগ্রহী বলে জানান বাণিজ্যমন্ত্রী।প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো বাপ কিস্যাং, ভুটানের বাণিজ্য, রাজস্ব ও কাস্টমস, কৃষি মার্কেটিং ও কো-অপারেটিভ বিভাগ, শিল্প—এই চার বিভাগের পরিচালক সোনাম ওয়াংচুক, চয়জাং তাশি, দর্জি দ্রাদুল ও তানদিন টিশিরিং, ট্রেড নেগোশিয়েশন বিভাগের প্রধান ছিমি টিশিরিং এবং ট্রেড অফিসার ডিছিন জাম।সূত্র জানায়, ভুটানের সঙ্গে আজ বুধবার থেকে দুই দিনব্যাপী সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে এ বৈঠকে নেতৃত্ব দেবেন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ। এতে উভয় দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে বলে জানা গেছে।