ভুটানের সঙ্গে পণ্য বাণিজ্য চুক্তিই নবায়ন করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেবা খাতের অন্তর্ভুক্তি ছাড়াই ভুটানের সঙ্গে বাণিজ্য চুক্তি নবায়ন করা হচ্ছে।
সেবা খাতের অন্তর্ভুক্তি ছাড়াই ভুটানের সঙ্গে বাণিজ্য চুক্তি নবায়ন করা হচ্ছে।

সেবা খাতের অন্তর্ভুক্তি ছাড়াই ভুটানের সঙ্গে বাণিজ্য চুক্তি নবায়ন করা হচ্ছে। ফলে এটি শুধু পণ্য বাণিজ্য চুক্তিই থাকছে। আগামী শনিবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চুক্তি নবায়ন সই হবে। এতে স্বাক্ষর করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ভুটানের অর্থনীতিবিষয়ক মন্ত্রী নরবো ওয়াংচুক। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ভুটানের সঙ্গে বাংলাদেশের পাঁচ বছর মেয়াদি বাণিজ্য চুক্তি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ভুটান সফরে গেলে ওই চুক্তি সই হয়েছিল, যার মেয়াদ শেষ হয় গত নভেম্বর মাসে। ওই চুক্তিটি এখন নবায়ন করা হচ্ছে আরও পাঁচ বছরের জন্য।
ভুটানের সঙ্গে প্রথম ১০ বছরমেয়াদি বাণিজ্য চুক্তি হয় ১৯৮০ সালে—যা ২০০০ সাল পর্যন্ত বলবৎ থাকে। পরে ২০০৩ সালে একবার এবং ২০০৯ সালে আরেকবার তা নবায়ন করা হয়। এবারও নবায়ন করা হচ্ছে ২০১৯ সাল পর্যন্ত।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এটি মূলত পণ্য বাণিজ্য চুক্তি। বাংলাদেশ চাইলেও এতে এবারও বাদ থাকছে সেবা খাত। চুক্তিতে সেবা খাত অন্তর্ভুক্ত থাকলে পর্যটন, চিকিৎসা, তথ্যপ্রযুক্তি ইত্যাদি বিষয়ে উভয় দেশই তাদের জনগণের জন্য শুল্ক ছাড় বা কমানোর সুযোগ তৈরি করতে পারত।
ভুটান বাংলাদেশকে ৯০টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়, আর বাংলাদেশ ভুটানকে এ প্রবেশাধিকার দেয় ১৮টি পণ্যে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ ভুটানে রপ্তানি করেছে ১৯ লাখ ১০ হাজার ডলারের পণ্য। একই সময়ে দেশটি থেকে বাংলাদেশ আমদানি করেছে দুই কোটি ২৫ লাখ ডলারের পণ্য।
ভুটান থেকে তাজা ফল, নির্মাণসামগ্রী, সিমেন্টের কাঁচামাল, মসলা ইত্যাদি আমদানি করা হয়। দেশটিতে রপ্তানি করা হয় তৈরি পোশাক, মেলামিন সামগ্রী, ফলের রস (জুস), ওষুধ ও প্রসাধন সামগ্রী।
ভুটানের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের প্রতিকূলে। কেন প্রতিকূলে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মনোজকুমার রায় প্রথম আলোকে বলেন, ‘দেশটির বাজার ছোট, মানুষের ভোগ আচরণও ভিন্ন। আর আমাদের ব্যবসায়ীরা ভুটান থেকে আমদানি করে নিজেদেরই স্বার্থে।’
বাণিজ্যমন্ত্রী সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছিলেন, পদ্মা সেতু নির্মাণের পাথর ও বোল্ডার (অচূর্ণ বড় পাথর) ভুটান থেকেই আমদানি করা হবে।
জানা গেছে, নবায়নে এবার নতুন কিছু বিষয় যুক্ত হচ্ছে—যা আগে ছিলই না। যেমন যুগ্ম সচিব পর্যায়ে বৈঠক করার জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (যৌথ কার্যদল-জেডব্লিউজি) গঠন, বাণিজ্যবিষয়ক তথ্যাদি বিনিময়, উভয় দেশে বাণিজ্য মেলার আয়োজন, বাণিজ্য সংগঠনের মধ্যে যোগাযোগ স্থাপন ইত্যাদি।
ভুটানের সঙ্গে এত দিন সচিব পর্যায়ের বৈঠক হয়ে আসছে। নবায়নের ফলে এবার জেডব্লিউজির বৈঠক হতে পারবে—যে বৈঠক যেকোনো সময় ডাকা যায়।
চুক্তিতে সেবা খাতের অন্তর্ভুক্তি না থাকা প্রসঙ্গে মনোজকুমার রায় বলেন, ‘আমরা চেয়েছিলাম, কিন্তু ভুটান রাজি হয়নি। ভুটান বলছে সেবা খাতের জন্য আলাদা চুক্তি করতে হবে।’
এ ব্যাপারে এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এখন যেকোনো বাণিজ্য চুক্তিতে পণ্য ও সেবা দুটোই থাকে। ভুটানকে রাজি করাতে পারলে অন্তত এটা বোঝা যেত যে বাণিজ্য-কূটনীতিতে সরকার ন্যূনতম সাফল্য দেখিয়েছে।’ তিনি আরও বলেন, ভুটান যদি সেবা খাতের জন্য আলাদা চুক্তিই করতে বলে, সরকার এখন সেই কাজটিই করুক।