জাল ও ভুয়া কাগজপত্র দিয়ে সদস্য হওয়ার কারণে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৫১০ জন সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। চেম্বার সূত্রে জানা গেছে, সদস্যপদ নবায়নকারী ৩২৮ জন ও নতুন সদস্যপদ গ্রহণকারী ১৮২ জনকে ইতিমধো ডাকযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে জাল কাগজপত্র দেওয়ার জন্য কেন তাঁদের বিরুদ্ধে সদস্যপদ বাতিল ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। অধিকাংশ সদস্য এরই মধ্যে নোটিশের জবাব দিয়েছেন। তবে ঠিকানা সঠিক না থাকায় গত সোমবার পর্যন্ত ৫৮ জনের নোটিশ ফেরত এসেছে। এই পদক্ষেপের সত্যতা স্বীকার করে খুলনা চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সত্যেন্দ্র কুমার সরকার প্রথম আলোকে জানান, জাল ও ভুয়া কাগজপত্র প্রদানকারীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। সব নোটিশের জবাব পাওয়ার পর খুব দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।চেম্বারের কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরিস্থিতিতে চলতি বছরের ১৬ মে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সত্যেন্দ্র কুমার সরকার এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।চেম্বার সূত্রমতে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে ৩০ মে প্রশাসককে চেম্বারের সদস্যসংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী ২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত নতুন সদস্যপদ গ্রহণকারী ও নবায়নকারী এক হাজার ৭৩৫ জন সদস্যের আয়কর প্রত্যয়নপত্র, ব্যাংকের দেওয়া সলভেন্সি সনদ বা আর্থিক সচ্ছলতার প্রমাণ ও ট্রেড লাইসেন্স পুনরায় যাচাই-বাছাইয়ের জন্য জমা দিতে বলা হয়। সদস্যদের জমা দেওয়া এসব কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য কর কমিশনারের কার্যালয়, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়। যাচাই-বাছাইয়ে দেখা যায়, গত অর্থবছরে (২০০৯-১০) নতুন সদস্যপদ গ্রহণকারী ও নবায়নকারী এক হাজার ৭৩৫ জনের মধ্যে ১২২ জনের আয়কর প্রত্যয়নপত্র, ৪৬৪ জনের ব্যাংক সলভেন্সি সনদ ও নয়জনের ট্রেড লাইসেন্স জাল ও ভুয়া।