ভুয়া টিআইএনের দিন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দিয়ে বিভিন্ন সেবা নেওয়ার দিন শেষ হচ্ছে। এই টিআইএন নিয়ে কোনো সেবা নিতে গেলে তা সঙ্গে সঙ্গেই ধরা পড়বে। সেবাদানকারী প্রতিষ্ঠানই স্বয়ংক্রিয়ভাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভার বা তথ্যভান্ডার ব্যবহার করে টিআইএন ভুয়া কি না, যাচাই করতে পারবে।
সব পুরোনো টিআইএন বদলে ১২ সংখ্যাবিশিষ্ট ইলেকট্রনিক বা ই-টিআইএন দিয়েছে এনবিআর। এখন যাঁরা নতুন করে টিআইএন নেবেন, তাঁদের ই-টিআইএন নিতে হয়। এর ফলে এখন সব টিআইএনধারীর সব তথ্য এনবিআরের তথ্যভান্ডারে সংরক্ষিত থাকে। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সেবা গ্রহণকারীর তথ্য যাচাই করতে সেই ভান্ডার ব্যবহারের সুযোগ দিতে যাচ্ছে রাজস্ব বোর্ড। এসব প্রতিষ্ঠান সেবা পেতে আগ্রহীদের নাম, বয়স, পিতা-মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, ঠিকানাসহ যাবতীয় সব তথ্যই যাচাই করতে পারবে।
শিগগিরই এ-সংক্রান্ত আদেশ জারি করবে এনবিআর। ইতিমধ্যে প্রজ্ঞাপনের খসড়াটির ওপর মত জানতে চেয়ে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এনবিআর থেকে টিআইএন না নিয়ে ‘নকল টিআইএন’ বানিয়ে এসব সেবা নিয়ে থাকে একশ্রেণির মানুষ। সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর পক্ষে সেই টিআইএন নকল কি না, তা যাচাই-বাছাই করার সুযোগ বা সুবিধা ছিল না। ফলে অনেকেই ভুয়া টিআইএন ব্যবহার করে গাড়ির নিবন্ধন, জমি, ফ্ল্যাট নিবন্ধনসহ সরকারি সেবাগুলো নিচ্ছেন। আবার অনেকে টিআইএন নিয়ে কাঙ্ক্ষিত সেবা নেওয়ার পর সেই টিআইএন আর ব্যবহার করেন না, বার্ষিক রিটার্ন জমা দেন না।
এনবিআরের এক কর্মকর্তা বলেন, যে প্রতিষ্ঠান সেবা দেবে, সেই প্রতিষ্ঠানকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। সেই পাসওয়ার্ড ব্যবহারে এনবিআরের তথ্যভান্ডার থেকে সেবা পেতে ইচ্ছুক ব্যক্তির টিআইএন সঠিক কি না, তা যাচাই-বাছাই করতে পারবেন ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
দুই বছর আগেও দেশে ৩৪ লাখ টিআইএনধারী ছিল। ভুয়া টিআইএন বাদ দিয়ে এখন এ সংখ্যা ১৭ লাখ। এরপর গত বছর এসব টিআইএনধারীর ই-টিআইএন নেওয়া বাধ্যতামূলক করা হয়। এর মধ্যে ১৪ লাখ ই–টিআইএন নিয়েছেন করদাতারা। এসব টিআইএনধারীর সব তথ্য এনবিআরের সার্ভারে রয়েছে।
এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ই-টিআইএন নিয়ে করদাতারা বার্ষিক আয়কর বিবরণী জমাসহ সব তথ্য দিচ্ছেন কি না, সেটাও নজরদারিতে আনা উচিত।
সেবাসমূহ: ২৪ ধরনের সেবায় টিআইএন থাকা বাধ্যতামূলক। যেসব সেবা নিতে টিআইএন লাগে সেগুলো হলো আমদানি করতে লেটার অব ক্রেডিট (এলসি) খোলা, আমদানি নিবন্ধন সনদ, সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন, দরপত্রে অংশগ্রহণ, নিবন্ধিত ক্লাবের (যেমন ঢাকা ক্লাব) সদস্যপদে আবেদন, সাধারণ বিমা খাতে সার্ভেয়ার সনদ গ্রহণ ও নবায়ন, সিটি করপোরেশন ও জেলা সদরের পৌরসভা এলাকায় জমি বা ফ্ল্যাট কেনা, গাড়ি, জিপ, মাইক্রোবাসের নিবন্ধন, মালিকানা হস্তান্তর, ফিটনেস সনদ, ক্রেডিট কার্ড নেওয়া, চিকিৎসক, চার্টার্ড অ্যাকাউনট্যান্ট, কস্ট অ্যাকাউনট্যান্ট, আইনজীবী, কর আইনজীবী সনদ, টেলিফোনের আইএসডি সংযোগ নেওয়া, কোম্পানির স্পনসর শেয়ারধারী বা পরিচালক, নিকাহ রেজিস্ট্রার (কাজি), বাণিজ্য সংগঠনের সদস্যপদে আবেদন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা ডেভেলপমেন্ট অথরিটি (কেডিএ) ও রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি (আরডিএ) এলাকায় ভবন নির্মাণের নকশা অনুমোদন, ড্রাগ লাইসেন্স নেওয়া, সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় বিদ্যুতের বাণিজ্যিক সংযোগ নেওয়া, বাস, ট্রাক, লরি ইত্যাদি নিবন্ধন, মালিকানা হস্তান্তর, ফিটনেস সনদ, লঞ্চ, স্টিমার, মাছ ধরা নৌকা ইত্যাদির সার্ভে সনদ গ্রহণ ও নিবন্ধন, বিমা কোম্পানির এজেন্ট সনদ নিবন্ধন ও নবায়ন, ইটভাটার লাইসেন্স গ্রহণ ও নবায়ন।
এ ছাড়া জাতীয় সংসদ, সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা নির্বাচনে প্রার্থী হতে হলে টিআইএন থাকা বাধ্যতামূলক। আর ব্যাংক বা লিজিং প্রতিষ্ঠানের কাছ থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিলেও টিআইএন থাকতে হয়।