ভূমি ব্যবস্থাপনা ডিজিটালকরণে তেমন অগ্রগতি হয়নি: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি ব্যবস্থাপনা ডিজিটালকরণে তেমন কোনো সাফল্য দেখাতে পারেননি বলে সরল স্বীকারোক্তি দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ‘ভূমি রেকর্ড, জরিপ ও নিবন্ধন ডিজিটালকরণের ব্যাপারে যতটা বলেছি, ততটা পারিনি। অগ্রগতি না হওয়ার কারণ হলো সরকারের সংস্থা-গুলোর মধ্যেই ব্যাপকভাবে সমন্বয়ের অভাব।’ যথেষ্ট বরাদ্দ না থাকার কারণেও ভূমি ডিজিটালকরণের কাজটি শ্লথ বলে মনে করেন অর্থমন্ত্রী। সচিবালয়ে গতকাল সোমবার ‘দেশব্যাপী ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের অগ্রগতি’ শীর্ষক আন্তমন্ত্রণালয়ের বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, দেশের ২১টি জেলার (উপকূলীয় ১৯ ও সমতল ২) ভূমি জোনিং হচ্ছে। ২০১৩ সালের জুনের মধ্যে তাদের জোনিং কার্যক্রম চূড়ান্ত হবে। তবে বাকি ৪০ জেলার ভূমি জোনিং করতে আরও দুই বছর লাগবে।মুহিত বলেন, ‘আমার পরামর্শ হলো: এক জায়গা থেকে সবকিছু অর্থাৎ ভূমির নামজারি, রেকর্ড, নিবন্ধন, শ্রেণীকরণ ইত্যাদি যাতে পাওয়া যায়, সেই ব্যবস্থা তৈরি করা। এতে মানুষের হয়রানি কমবে।’ এখন একটি দলিল পেতে তিন বছরও সময় লেগে যায় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘ডিজিটাল হওয়ার পর তা পাওয়া যাবে মাত্র ১০ থেকে ১৫ দিনে। হাতে-লেখা বালামও তখন থাকবে না।’ তবে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল-করণে গত বছর একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, মানুষ অন্তত এখন এটা জানে যে, কাজ হচ্ছে। তবে এটা ঠিক, আগে জরিপের কাজটা সেরে ফেলতে হবে।মুহিত বলেন, বৈঠকে ভূমিসচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি আগামী দুই মাসের মধ্যে জরিপ কার্যক্রমবিষয়ক একটি প্রতিবেদন তৈরি করবে।অর্পিত সম্পত্তির বিষয়ে ভারতের একটি পত্রিকার প্রতিবেদনের কথা জানালে অর্থমন্ত্রী বলেন, ‘এটা নিয়ে অহেতুক কথা উঠছে। ১৯৭২ সালেই তা নির্ধারিত হয়ে গেছে। ওখানে হয়তো বগলদাবা করছেন কেউ। লাভ নেই। কারণ, এটা মৌলিক আইন। এটা ইন্দিরা গান্ধী-বঙ্গবন্ধু মুজিব চুক্তি।’