ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে ১,৪০০ কোটি টাকার প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সিলেট শহরে ভূমিকম্পের প্রভাব ও ক্ষয়ক্ষতি ঠেকাতে ১ হাজার ৩৮১ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার।
এ প্রকল্পের মাধ্যমে ওই সব শহরের ভূমি ব্যবহার পরিকল্পনা গ্রহণ করা হবে। তাতে কোন এলাকায় সর্বোচ্চ কত তলা ভবন তৈরি করা যাবে—সেটা নির্দিষ্ট করা থাকবে। এ ছাড়া এসব শহরে নতুন করে পুকুর ভরাট করে আর বিল্ডিং বা ভবন তৈরি না করার বিষয়টি নিশ্চিত করা হবে। ভবন তৈরিতে যেসব উপাদান ব্যবহৃত হবে তা ভূমিকম্প সহনশীল কি না, সেটি পরীক্ষা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) গতকাল বৃহস্পতিবার এটিসহ মোট সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩ কোটি টাকা। সভায় প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভূমিকম্পের প্রভাব ও ক্ষয়ক্ষতি প্রতিরোধ প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন স্যাটেলাইট ও কন্ট্রোল অফিস নির্মাণসহ হুইল ড্রেজার, এক্সকাভেটর, ক্রেন, মোবাইল জেনারেটরের মতো ভারী যন্ত্রপাতি কিনবে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ-সংক্রান্ত ইনস্টিটিউট স্থাপনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনবে।
একনেকে গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কসমূহের রক্ষণাবেক্ষণে কোল্ড রি-সাইক্লিং প্ল্যান্ট ও ইকুইপমেন্ট সংগ্রহে ৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ঢাকার সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফলে প্রতিবছর মেরামত করতে হচ্ছে। এতে সড়কের উচ্চতা বেড়ে যাচ্ছে এবং পানি নিষ্কাশন ঠিকমতো না হয়ে জলাবদ্ধতা বাড়িয়ে দিচ্ছে। এ জন্য ঢাকার দক্ষিণ সিটির সড়ক মেরামতে পুরোনো ও ব্যবহৃত উপাদানগুলোর ৪০ থেকে ৬০ শতাংশ পুনরায় ব্যবহার করা হবে।
অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহ পুনর্বাসন ও মান উন্নয়ন, সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ, কক্সবাজার জেলাধীন ক্ষতিগ্রস্ত পোল্ডারসমূহের পুনর্বাসন এবং চট্টগ্রাম জেলার চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলায় সাঙ্গু ও চাঁদখালী নদীর উভয় তীর সংরক্ষণ।
এ ছাড়া গতকালের একনেক সভায় ২১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ের ‘বাংলাদেশে অবস্থানরত অনিবন্ধিত মিয়ানমার নাগরিক শুমারি ২০১৫’ প্রকল্পটি অবহিত করা হয়। কারণ, ২৫ কোটি টাকার কম ব্যয়ের প্রকল্প পরিকল্পনামন্ত্রী নিজেই পাস করেন। বিষয়টি শুধু একনেকে অবহিত করলেই হয়। এ প্রকল্পের আওতায় কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও পটুয়াখালী—এ ছয়টি জেলার রোহিঙ্গাদের গণনা করা হবে; যা রোহিঙ্গাশুমারি নামে পরিচিত।