ভূমিকম্পের ঝুঁকি ও নির্মাণকৌশল বিষয়ে সেমিনার

বাংলাদেশে ভূমিকম্প, ঝুঁকি ও নির্মাণ কৌশল নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার এ সেমিনারের আয়োজন করে ক্রাউন সিমেন্ট ও জিপিএইচ ইস্পাত। খবর বিজ্ঞপ্তির।
সেমিনারে নির্মাণসামগ্রীর সঠিক ব্যবহার ও অত্যাধুনিক নির্মাণ কৌশল দ্বারা কীভাবে ভূমিকম্প ঝুঁকি এবং পরবর্তী ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায় তা প্রাধান্য পায়। সম্প্রতি নেপালে ভয়াবহ ভূমিকম্প ও বাংলাদেশের সম্ভাব্য ভূমিকম্প ঝুঁকির বিষয়টি আলোচনায় উঠে আসে। বিশেষজ্ঞ প্রকৌশলীরা এতে অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি এম. শামীম জেড বসুনিয়া। মূল বক্তা ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মেহেদী আহমেদ আনসারী। এতে স্বাগত বক্তব্য দেন ক্রাউন সিমেন্ট গ্রুপের উপদেষ্টা প্রকৌশলী মেজর জেনারেল (অব.) হামিদ আল হাসান। আরও উপস্থিত ছিলেন ভারতের আগরতলা অবস্থিত এনআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রাজীব সাহা, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলি আহমাদ খান, ক্রাউন সিমেন্ট ও জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ক্রাউন সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দীন মোল্লা প্রমুখ।