ভেজাল পণ্য প্রতিরোধে শিগগির উৎ পাদন পর্যায়ে অভিযান
ভেজাল ও মানহীন পণ্য প্রতিরোধে শিগগির উৎ পাদন পর্যায়ে অভিযান পরিচালনা করা হবে। ক্রেতা-বিক্রেতাদের সতর্ক করার লক্ষ্যেই চালানো হবে এই অভিযান।গতকাল রোববার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিঞা এ কথা বলেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিষদের সভা শেষে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন।মহাপরিচালক বলেন, আগামী অক্টোবর পর্যন্ত বিভাগীয় শহরসহ ২৮ জেলায় বাজার অভিযান পরিচালনা করা হবে। এ সময় ৬২টি বাজার অভিযান পরিচালনা করা হবে। এই অভিযানের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনটি জনগণের কাছে তুলে ধরা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।আবুল হোসেন মিঞা বলেন, ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে ভোক্তাদের কাছ থেকে বেশি বেশি অভিযোগ চাই। ভোক্তাদের অভিযোগ পেলেই আমরা আরও বেশি উদ্যোগী হতে পারব।’ এর আগে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে পরিষদের ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। এতে বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন, অধিদপ্তরের মহাপরিচালকসহ কর্মকর্তারা ও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ভোক্তারা কীভাবে অভিযোগ করবেন, সে বিষয়ে গণসচেতনতা তৈরি করা এবং কোনো পণ্যের বিষয়ে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বাণিজ্যমন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।সূত্র জানায়, সভায় অধিদপ্তরের গত ছয় মাসে কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ ছাড়া অনিয়মের জন্য বিদ্যমান শাস্তি বাড়ানোর পক্ষে মত দেন পরিষদের সদস্যরা। সভার পরে সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক আবুল হোসেন বলেন, গত এপ্রিল থেকে ভোক্তা-অধিকার আইন বাস্তবায়নের কাজ শুরু হয়। সে অনুযায়ী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর বাজারে অভিযান চালানো হয়। গত আগস্ট পর্যন্ত বাজার অভিযানে প্রায় দুই হাজার ৩৩৯টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে জরিমানা করে দুই কোটি ৪৫ লাখ টাকা টাকা আদায় করা হয়েছে।