মানহীন, অবৈধ, নকল খাদ্যে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার সয়লাব হয়ে গেছে বলে অভিযোগ করেছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটি বলেছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নজরদারির অভাবে ভেজাল পণ্যের সংখ্যা দিন দিন বাড়ছে। অনেকে বিএসটিআইয়ের লোগো ছাপিয়ে মানহীন পণ্য বাজারজাত করছে। ফলে সাধারণ ভোক্তারা প্রতারণার শিকার হচ্ছেন।
বিএসটিআইয়ের সঙ্গে এক মতবিনিময় সভায় এ অভিযোগ করেন ক্যাবের নেতারা। গত সোমবার রাজধানীতে বিএসটিআইয়ের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসটিআইয়ের মহাপরিচালক সাইফুল হাসিব।
ক্যাবের এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার বলা হয়, নিরাপদ খাদ্য ও পণ্যের মান নিশ্চিত করতে বিএসটিআই ও ক্যাব যৌথভাবে ভোক্তা পর্যায়ে সচেতনতা সৃষ্টি, ভোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, বিএসটিআইয়ের সক্ষমতা বৃদ্ধি ও সেবার মান নিয়ে ভোগান্তি নিরসনে একযোগে কাজ করবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএসটিআইয়ের মহাপরিচালক সাইফুল হাসিব সংস্থাটির জনবল ও অন্যান্য সক্ষমতার অভাবে অনেক কার্যক্রম ঠিকমতো পরিচালনা করা যাচ্ছে না বলে মত প্রকাশ করেন। তিনি জনবলের ঘাটতি মোকাবিলায় সরকারের নানা উদ্যোগের কথা বলেন এবং আশা করেন দ্রুত এ সমস্যার সমাধান হবে।
সভায় ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন, কর্মসূচি সমন্বয়কারী আহমেদ একরাম উল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী প্রমুখ উপস্থিত ছিলেন।