নিরাপদ ও গুণগতমানসম্পন্ন খাদ্যই যেন ভোক্তাদের কাছে পৌঁছায়, সে জন্য বিদ্যমান ভেজালবিরোধী আইনের আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সোনাপুরে এবি ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেড নামের কৃষিভিত্তিক নতুন একটি দেশীয় শিল্প-কারখানার উদ্বোধনকালে শিল্পমন্ত্রী গত শনিবার এ কথা বলেন।এবি ফুডস অ্যান্ড বেভারেজের চেয়ারম্যান আলী আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ আবদুল্লাহ আল কায়সার ও তাজুল ইসলাম, অতিরিক্ত বাণিজ্যসচিব সালাহ্উদ্দিন মাহমুদ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল প্রমুখ বক্তব্য দেন। এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়।শিল্পমন্ত্রী নতুন এ কারখানায় কঠোরভাবে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণের আহ্বান জানান।তথ্য বিবরণীতে বলা হয়, খাবার ও পানীয় উৎপাদনের এই অত্যাধুনিক কারখানাটি নির্মাণে ব্যয় হয়েছে ১০ কোটি টাকা। এ কারখানায় ৩৫ ধরনের খাবার তৈরি হবে। কারখানাটিতে উৎপাদিত পণ্যের ৫০ শতাংশ রপ্তানি করা হবে।