ভেঞ্চার ক্যাপিটালে বদলে যেতে পারে দেশের অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেঞ্চার ক্যাপিটালের বিকাশ ঘটলে দেশে অর্থনীতির চেহারা বদলে যেতে পারে। শিল্প ও সেবা খাতে আসতে পারে অভাবনীয় পরিবর্তন। নতুন নতুন উদ্যোক্তার জন্ম হতে পারে দেশে, তৈরি হতে পারে লাখ লাখ কর্মসংস্থানেরও।

রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘ভেঞ্চার ক্যাপিটাল: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ইকোনমিক রিপোর্টারস ফোরাম (ইআরএফ) ও ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিইএবি) যৌথভাবে সেমিনারটির আয়োজন করে। 

সেমিনারে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য পারভেজ ইকবাল, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার স্বপন কুমার বালা ও বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ফয়সল আহমেদ বিশেষ অতিথি ছিলেন।

সেমিনারে বলা হয়, উন্নত দেশগুলোতে শিল্পায়নে পুঁজিবাজারের চেয়েও বেশি ভূমিকা রাখছে ভেঞ্চার ক্যাপিটালসহ বিকল্প বিনিয়োগ তহবিল। ভেঞ্চার ক্যাপিটাল সাধারণত নতুন, সৃজনশীল ও সম্ভাবনাময় উদ্যোগে বিনিয়োগ করে থাকে। এ ধরনের উদ্যোগগুলো তুলনামূলক ঝুঁকিপূর্ণ বলে ব্যাংকগুলো সাধারণত তা এড়িয়ে যায়। ভেঞ্চার ক্যাপিটাল সেই চ্যালেঞ্জ গ্রহণ করে। এ ছাড়া ভেঞ্চার ক্যাপিটাল শুধু টাকা দিয়েই দায়িত্ব শেষ করে না, কোম্পানিগুলোর মান উন্নয়নে তদারকি ও কারিগরি সহায়তাও দেয়।