এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকে (এআইআইবি) বিভিন্ন বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভেটো দেওয়ার ক্ষমতা থাকবে চীনের। এ সংস্থায় ভোট দেওয়ার ক্ষেত্রে ২৬ শতাংশ ক্ষমতা দেশটির নিয়ন্ত্রণে থাকায় তাদের ভেটো দেওয়ার ক্ষমতাও বেশি হবে। চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
তবে চীন সরকার বলছে, ভোটের ক্ষমতা বেশি হলেও তা ভেটোর মতো কোনো কাজে ব্যবহার করা হবে না। ব্যাংকটির প্রেসিডেন্ট নির্বাচন, এশিয়ার বাইরে কোনো দেশে অবকাঠামো উন্নয়ন, ব্যাংকের আয়ের বণ্টনের মতো বিষয়গুলোর ক্ষেত্রেই সদস্য দেশগুলোর ভোট নেওয়া হবে।
এআইআইবিতে চীনের এ ভেটো ক্ষমতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে ব্যাংকটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে চীনের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হবে বলে মনে করে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের উদ্বেগের জবাবে চীনের সহকারী অর্থমন্ত্রী শি ইয়াওবিন বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন, এআইআইবিতে ভেটো প্রয়োগের মতো অভিপ্রায় চীনের নেই।
বাংলাদেশসহ মোট ৫৭টি দেশ নতুন গঠিত এ ব্যাংকে যোগ দিয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে গত সোমবার ৫০টি সদস্য দেশের প্রতিনিধিরা এআইআইবি গঠনের আনুষ্ঠানিক চুক্তিতে সই করেছে।
ব্যাংকটিতে যোগ দিতে সম্মতি জানালেও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সাতটি দেশ এখনো চুক্তিতে সই করেনি। দেশগুলো হলো ডেনমার্ক, কুয়েত, মালয়েশিয়া, ফিলিপাইন, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও থাইল্যান্ড।
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিকল্প হিসেবে এআইআইবিকে ভাবা হচ্ছে।
এআইআইবির মূলধনের ৯৩ দশমিক ৯৯ শতাংশের মালিক ৩০টি দেশ। এর মধ্যে সর্বোচ্চ ২৯ দশমিক ৮ শতাংশ মূলধন চীনের। অপর উল্লেখযোগ্য অংশীদারদের মধ্যে রয়েছে ভারত, রাশিয়া, জার্মানি ও দক্ষিণ কোরিয়া। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশের মূলধন আছে দশমিক শূন্য ৭ শতাংশ।
চলতি বছরের শেষ দিকে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। এআইআইবির সদস্য দেশগুলোর বিশেষ মন্ত্রী পর্যায়ের সভায় চুক্তিটি সই হয়। এআইআইবির মহাসচিব জিন লিকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশের পক্ষে যোগ দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
১০ হাজার কোটি ডলারের অনুমোদিত মূলধন নিয়ে চীনের উদ্যোগে ও নেতৃত্বে এআইআইবি গঠিত হয় ২০১৪ সালের ২৪ অক্টোবর। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অবকাঠামো উন্নয়নে ঋণ ও অর্থ সহায়তা দেওয়াই এ সংস্থা গঠনের উদ্দেশ্য।
এআইআইবি গঠনের উদ্যোগকে সহজভাবে নেয়নি যুক্তরাষ্ট্র ও জাপান। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র ও জাপান সোমবারের মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দেয়নি। এর আগেও এআইআইবিতে যোগ না দিতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
এআইআইবি গঠনের এ উদ্যোগকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অন্যতম কূটনৈতিক সাফল্য মনে করা হচ্ছে।