ভেতরে আইএমএফের সঙ্গে বৈঠক বাইরে বিনিয়োগকারীদের বিক্ষোভ
পুঁজিবাজার ও সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কর্মকর্তাদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ছয় সদস্যের প্রতিনিধিদলের মতবিনিময় হয়েছে। সিএসই সূত্রে জানা যায়, ডেভিড কাউনের নেতৃত্বে ছয় সদস্যের আইএমএফ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জেরার্ড জে আলমেকিন্ডারস, সেং গুয়ান তো, জুলস লেইসস্টার, আবাসিক প্রতিনিধি অ্যাতেরি ভিনত্রাজে ও অর্থনীতিবিদ আবুল কাসেম।মতবিনিময় সভা শেষে ডেভিড কাউন সাংবাদিকদের বলেন, ‘চীন, ভারত, শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও প্রচুর অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। আমরা বাংলাদেশের এসব বাণিজ্যিক সম্ভাবনা, পুঁজিবাজার ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আগামী সপ্তাহে আমাদের ওয়েবসাইটে এই মতবিনিময় অনুষ্ঠানের সামগ্রিক মূল্যায়ন তুলে ধরা হবে।’ এ সময় সিএসইর সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ, সহসভাপতি তারেক কামাল, পরিচালক মির্জা সালমান ইস্পাহানি, এ কে এম মহিউদ্দিন, মো. মহিউদ্দিন, আবু সাঈদ মোহাম্মদ শহীদুল্লাহ, নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, বিজন চক্রবর্তী, মো. মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।সমাবেশ, মানববন্ধন: আইএমএফ প্রতিনিধিদলের আগমনের প্রতিবাদে নগরের আগ্রাবাদ সিএসই কার্যালয়ের সামনে বিনিয়োগকারীরা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা দেড়টায় বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরামে নেতারা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। এ সময় তাঁরা ‘আইএমএফ ফিরে যাও’, ‘আমরা আইএমএফের অবৈধ হস্তক্ষেপ মেনে নেব না’, ‘আমরা মৃত, আমাদের হত্যা করতে এসো না’ প্রভৃতি স্লোগান লেখা ফেস্টুন প্রদর্শন করেন। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ইনভেস্টরস ফোরামের নেতা আছলাম মোরশেদ, রানা বিশ্বাস, সরোজ চৌধুরী, এম এ কাদের, চন্দন চৌধুরী, খোরশেদ আলম প্রমুখ। এতে তাঁরা পুঁজিবাজারে অব্যাহত পতন ঠেকাতে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।