ভোক্তা অভিযোগ কেন্দ্র চালু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারিত ভোক্তাদের জন্য অভিযোগের দরজা আগে থেকেই খোলা ছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। কিন্তু সেখানে নিয়ম মেনে লিখিতভাবে অভিযোগ করতে হতো। সে কারণে ভোক্তারা সেখানে অভিযোগ তেমন করতেন না। তাই অভিযোগও কম আসত অধিদপ্তরে।
ভোক্তাদের কথা চিন্তা করে এবার জাতীয় ভোক্তা অভিযোগকেন্দ্র (এনসিসিসি) স্থাপন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত সোমবারই এই কেন্দ্র চালু করা হয়েছে। এর অবস্থান অধিদপ্তরের প্রধান কার্যালয়ের (১ কারওয়ান বাজারের টিসিবি ভবন) নবম তলায়।
এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিয়া প্রথম আলোকে বলেন, এত দিন ভোক্তাদের অভিযোগ জানানোর কোনো জায়গা ছিল না। সে কারণেই এই অভিযোগকেন্দ্র করা হয়েছে। এখন থেকে ভোক্তারা প্রতারিত হলে এই কেন্দ্রে অভিযোগ করে প্রতিকার পাবেন। অধিদপ্তর বলছে, ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত ভোক্তাদের অভিযোগ কেন্দ্রীয়ভাবে গ্রহণ ও স্ব-স্ব মন্ত্রণালয় কিংবা দপ্তর থেকে নিষ্পত্তির ব্যবস্থা করতেই এই অভিযোগকেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২১ ধারা অনুযায়ী এটি স্থাপন করা হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালকের অধীনে একজন উপপরিচালক ও দুজন সহকারী পরিচালক এই কেন্দ্রের দায়িত্ব পালন করবেন।
অধিদপ্তর বলছে, ভোক্তাদের কাছ থেকে পাওয়া অভিযোগগুলো আমলযোগ্য কি না, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা দপ্তর তাদের আইনের বিধান অনুযায়ী নির্ধারণ করবে। ভোক্তাদের প্রতারিত হওয়ার ৩০ দিনের মধ্যে প্রমাণসহ লিখিত অভিযোগ দাখিল করতে হবে।