ভোক্তা স্বার্থে ২৪ হাজার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তা অধিকার ক্ষুণ্ন করায় এখন পর্যন্ত সাড়ে ২৪ হাজার প্রতিষ্ঠানকে প্রায় ১৭ কোটি টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় গত সাত বছরে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ২০১০ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গঠন করা হয়।

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে গতকাল বুধবার অধিদপ্তর ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়েছে। সভায় আলোচকেরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। পাশাপাশি আইনের বাস্তবায়নে সরকারি উদ্যোগে দেশজুড়ে কার্যকর ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাংলাদেশে এবারের দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে ‘ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি’। এ বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার।

সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে জেলা থেকে উপজেলা পর্যায় পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রসার ঘটাতে হবে। তিনি ভোক্তার স্বার্থ রক্ষায় করণীয় নির্ধারণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও প্রস্তাব করেন।

ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণে দেশে বেশ কিছু আইন আছে। সেসব আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নের জন্য দরকার শক্তিশালী সাংগঠনিক কাঠামো ও প্রতিষ্ঠান।

মূল প্রবন্ধে মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাণিজ্যের এ সময়ে বিক্রেতা পণ্য বিক্রির ক্ষেত্রে ক্রেতার যেসব তথ্য সংগ্রহ করছে সেগুলো কীভাবে ব্যবহার করা হচ্ছে তার কোনো হদিস ক্রেতার পক্ষে খুঁজে পাওয়া কঠিন। দেশে এখন পর্যন্ত কোনো আইনে এমন কোনো বিধান নেই, যার ফলে ক্রেতা নিজেকে রক্ষা করতে পারবে।

আলোচনা সভা শেষে ভোক্তা অধিকার বিষয়ের ওপর বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক শফিকুল ইসলাম লস্করের সভাপতিত্বে সভায় ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব শুভাশীষ বসু ও এফবিসিসিআইয়ের সহসভাপতি মাহবুবুল আলম।