বাজারের প্রতি বাংলাদেশি ভোক্তাদের আস্থা বাড়ছে। আন্তর্জাতিক অর্থ স্থানান্তরকারী সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ডের সম্প্রতি প্রকাশিত কনজ্যুমার কনফিডেন্স ইনডেক্স বা ভোক্তা আস্থাসূচক জরিপে এমন চিত্রই উঠে এসেছে।
এতে বলা হয়েছে, বাংলাদশে ভোক্তার আস্থাসূচক চলতি বছরের প্রথমার্ধে ২৫ দশমিক ৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬৬ দশমিক ৪ পয়েন্টে উন্নীত হয়েছে। গত বছরের দ্বিতীয়ার্ধে এই সূচক ছিল ৪০ দশমিক ৫ পয়েন্ট।
জরিপ অনুযায়ী, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আলোচ্য সময়ে বাংলাদেশে ভোক্তা আস্থাসূচক সবচেয়ে বেশি বেড়েছে। এই তালিকায় ৯৪ দশমিক ১ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে মিয়ানমার। ৯৪ পয়েন্ট নিয়ে ইন্দোনেশিয়া দ্বিতীয় ও ৮৯ দশমিক ১ পয়েন্ট পেয়ে ভারত তৃতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে ভোক্তা আস্থাসূচকে সবচেয়ে বেশি অবনতি ঘটেছে অস্ট্রেলিয়ার। দেশটিতে ভোক্তা আস্থাসূচক কমে ৩৭ দশমিক ২ পয়েন্টে নেমে এসেছে, যা গত বছরের দ্বিতীয়ার্ধে ছিল ৪৯ দশমিক ২ পয়েন্ট।
বৈশ্বিক অর্থনীতিতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভোক্তারা আশাবাদের মধ্যেই আছেন। এই অঞ্চলের ভোক্তা আস্থাসূচক বেড়ে গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। জরিপে বলা হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে এই অঞ্চলের ভোক্তা আস্থাসূচক ৬ দশমিক ৯ পয়েন্ট বেড়ে ৬৮ দশমিক ৩ পয়েন্টে উন্নীত হয়েছে, যা গত বছরের দ্বিতীয়ার্ধে ছিল ৬১ দশমিক ৫ পয়েন্ট।
জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের নিজ নিজ দেশের পাঁচটি অর্থনৈতিক উপাদান সম্পর্কে পরবর্তী ছয় মাসের পূর্বাভাস বা গতি-প্রকৃতি কেমন হবে, এমন প্রশ্ন করা হয়েছিল। উপাদানগুলো হচ্ছে: অর্থনীতি, কর্মসংস্থানের সম্ভাবনা, নিয়মিত আয়ের সম্ভাবনা, পুঁজিবাজার ও জনগণের জীবনমান।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৬টি বাজারের মধ্যে ১২টিতে এই জরিপ করা হয়। এতে দেখা যায়, প্রতিটি বাজারেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি বা মনোভাব যেমন বিরাজ করছে, তেমনি ভোক্তাদের আস্থাতেও সামান্য কিংবা উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া নিরপেক্ষ সীমার নিচে রয়ে গেছে।