ভোক্তাদের নিয়ে গণশুনানি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তাদের স্বার্থরক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৩ আগস্ট জাতীয় ভোক্তা অভিযোগকেন্দ্র (এনসিসিসি) স্থাপন করে। আর এবার ভোক্তাদের নিয়ে গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এই সংস্থাটি। গতকাল সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, এখন থেকে প্রতি সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত গণশুনানি অনুষ্ঠিত হবে। প্রয়োজনে শুনানির সময় বাড়ানো হবে। গণশুনানি অনুষ্ঠিত হবে অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞার সভাপতিত্বে। ভোক্তা অধিদপ্তরের (১ কারওয়ান বাজার, টিসিবি ভবন, অষ্টম তলা) সম্মেলনকক্ষে এটি অনুষ্ঠিত হবে। সেবা-প্রত্যাশী ভোক্তারা শুনানি চলাকালে উপস্থিত হয়ে তাঁদের অভিযোগ লিখিত এবং মৌখিকভাবে জানাতে পারবেন।
জানতে চাইলে আবুল হোসেন মিঞা প্রথম আলোকে বলেন, প্রতারিত হলে ভোক্তারা যেন প্রতিকার পান, সে জন্যই গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ভোক্তা অধিদপ্তরের সঙ্গে ভোক্তাদের সম্পৃক্ততাও বাড়বে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, প্রতারিত হওয়ার ৩০ দিনের মধ্যে ভোক্তাকে শুনানি গ্রহণকারী কর্মকর্তার কাছে অভিযোগ জানাতে হবে। আর শুনানিকালে ভোক্তাদের কীভাবে, কখন এবং কার কাছে অভিযোগ দাখিল করতে হবে, সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি ভোক্তা অধিকার আইন সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে তার ব্যাখ্যাও দেওয়া হবে।
ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য গছিয়ে দেওয়াসহ নানাভাবে দেশের ক্রেতা-ভোক্তারা প্রতিনিয়তই প্রতারণার শিকার হচ্ছেন।প্রতারিত ভোক্তাদের জন্য অভিযোগের দরজা খোলা ছিল ভোক্তা অধিদপ্তরে। এমনকি কোনো ভোক্তার অভিযোগের সত্যতা পেলে প্রতারণাকারী ব্যক্তি কিংবা তার প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা অর্থের ২৫ শতাংশ পর্যন্ত অর্থ অভিযোগকারীকে দেওয়ার বিধান আছে অধিদপ্তরের আইনে। কিন্তু এতকিছুর পরও ভোক্তাদের তেমন সাড়া মিলছিল না।
তবে অধিদপ্তরের কর্মকর্তারা এখন বলছেন, ভোক্তা অভিযোগকেন্দ্র এবং তাঁদের নিয়ে গণশুনানি করার উদ্যোগ নেওয়ায় ভোক্তারা তাঁদের অধিকার সম্পর্কে আরও সচেতন হবেন। এর মধ্য দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণাও কমে যাবে।