ভোজ্যতেল ও চিনির দাম বাড়ানোর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ৮ টাকা ও চিনির দাম কেজিতে ৬ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিপণনকারী কোম্পানিগুলো। তাদের প্রস্তাব অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের খুচরা দর হবে লিটারপ্রতি ১০৩ টাকা। চিনির মিলগেট মূল্য হবে কেজিপ্রতি ৭২ টাকা।

বর্তমানে বাজারে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ৯৪-৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। একটি কোম্পানি বিক্রি করছে ৯৮ টাকা দরে। তারা আলাদা দর প্রস্তাব দিয়েছে। ঢাকায় বাজারভেদে চিনি বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৫ টাকা দরে।

তবে কোম্পানিগুলোর প্রস্তাবিত দর এখনই কার্যকর হচ্ছে না। বাংলাদেশ ট্যারিফ কমিশন এ দর বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয়কে একটি সুপারিশ করবে। মন্ত্রণালয় আরেক দফা পর্যালোচনার পর কোম্পানিগুলোকে সিদ্ধান্ত জানাবে। মন্ত্রণালয় থেকে আসছে সপ্তাহে সিদ্ধান্ত জানানো হতে পারে।

ভোজ্যতেল ও চিনির দাম নিয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ট্যারিফ কমিশনে (বিটিসি) ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মূল্যবৃদ্ধির এ প্রস্তাব দেয় কোম্পানিগুলো। তাঁদের দাবি, আন্তর্জাতিক বাজারে দুটি পণ্যের দামই বেড়েছে। দেশে না বাড়লে আমদানি কমে যাবে। ফলে সরবরাহে ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

ট্যারিফ কমিশনের বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান মুশফেকা ইকফাৎ, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা, এস আলম গ্রুপের প্রতিনিধি মো. আসাদুজ্জামান, দেশবন্ধু গ্রুপের তোফাজ্জল হোসেন, বাংলাদেশ এডিবল অয়েলের শাকিল মাহমুদ ভূঁইয়া, টিকে গ্রুপের গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে যোগ দেন এফবিসিসিআইয়ের পরিচালক মো. হেলাল উদ্দিন।

ট্যারিফ কমিশনে কোম্পানিগুলো প্রস্তাব দিয়েছে ভোজ্যতেল মিল মালিক সমিতি ও চিনিকল মালিক সমিতির মাধ্যমে। সয়াবিন তেল নিয়ে দেওয়া প্রস্তাবে অপরিশোধিত সয়াবিন তেল আমদানিতে চট্টগ্রাম বন্দরে বিল অব এন্ট্রি বা প্রত্যয়ন মূল্য দেখানো হয়েছে টনপ্রতি ৭৯০ ডলার, ঋণপত্রের মূল্য দেখানো হয়েছে ৮৩৫ ডলার ও বুকিং মূল্য দেখানো হয়েছে ৮২৫ ডলার। এই তিন দর গড় করে প্রতি টনের মূল্য ধরা হয়েছে ৮১৭ ডলার।

অবশ্য ২০১১ সালে ব্যবসায়ী ও সরকারের যৌথ সিদ্ধান্তে নির্ধারিত ব্যয় বিবরণী তৈরিতে এক মাসের ঋণপত্রের দর, এক মাসে বন্দরে কত দরে তেল প্রবেশ করেছে এবং সর্বশেষ এক সপ্তাহে কত দরে তেল বন্দর থেকে খালাস হয়েছে, তা বিবেচনায় নিয়ে গড় দাম নির্ধারণ করা হয়। সেখানে কত দরে আন্তর্জাতিক বাজারে তেল বুকিং করা হলো, তা বিবেচনার সুযোগ নেই।

ব্যবসায়ীদের হিসাবে, তাঁদের এক লিটার বোতলজাত তেলের উৎপাদন খরচ ৯৫ টাকা ৭৬ পয়সা। তাঁরা এ দর ৯৫ টাকা করার প্রস্তাব দিয়েছেন। এর সঙ্গে পরিবেশক ও খুচরা ব্যবসায়ীর কমিশন ৮ টাকা ধরে খুচরা বাজারদর ধরা হয়েছে ১০৩ টাকা।

মেঘনা গ্রুপের মোস্তফা কামাল বলেন, আন্তর্জাতিক বাজারে দাম অনেক বেড়েছে। ইন্টারনেট ঘাঁটলেই তা দেখা যায়। বিশ্ববাজারে দাম বাড়লে দেশে দাম না বাড়িয়ে উপায় নেই।

বর্তমানে ঢাকার বাজারে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপসহ বিভিন্ন কোম্পানি প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৪ থেকে ৯৫ টাকা দরে বিক্রি করছে। বাংলাদেশ এডিবল অয়েলের সয়াবিন তেলের দর লিটারপ্রতি ৯৮ টাকা। বাংলাদেশ এডিবল অয়েলের তেলের দাম অন্যদের থেকে লিটারে ৩ টাকা বেশি।

সিটি গ্রুপের বিশ্বজিৎ সাহা বলেন, এ দর সমিতির মাধ্যমে প্রস্তাব করা হয়েছে। এর চেয়ে বেশি দামে কোনো কোম্পানি বিক্রি করতে পারবে না।

তবে বাংলাদেশ এডিবল অয়েল আলাদা করে ট্যারিফ কমিশনে আরেকটি প্রস্তাব দিয়েছে। তারা কত দর প্রস্তাব করেছে, তা জানা যায়নি। কোম্পানিটির বিপণন বিভাগের প্রধান শোয়েব মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, একটি বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ এডিবল অয়েলকে পণ্য, কর প্রদান ও ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান রক্ষা করতে হয়। এতে তাঁদের খরচ বেশি হয় বলেই তাঁরা আলাদা দরপ্রস্তাব করেছেন।

ট্যারিফ কমিশনে দেওয়া প্রস্তাবে চিনির ক্ষেত্রেও গড় আমদানি মূল্য নির্ধারণের বুকিং দর ব্যবহার করা হয়েছে। সব খরচ ধরে চিনির মিলগেট দর দেখানো হয়েছে ৭১ টাকা ৭৫ পয়সা। বিশ্বজিৎ সাহা বলেন, এখন মিলগেট দর কেজিপ্রতি ৬৬ টাকা।

বাজারে চিনি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭২ থেকে ৭৫ টাকা দরে, যা বিগত কিছুদিনে কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে।