ভোজ্যতেলের দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশে ভোজ্যতেলের দাম বাড়াতে চায় পরিশোধন ও বিপণনকারী কোম্পানিগুলো। তাদের দাবি, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম প্রায় ১৫ শতাংশ ও পাম তেলের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। কিন্তু দেশে বোতলজাত তেলের দাম বাড়ানো হয়েছে লিটারে দুই টাকা।
কোম্পানিগুলো বলছে, তারা অনেক আগেই দাম বাড়ানোর চিন্তা করেছিল। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শ ও পবিত্র ঈদুল আজহায় মানুষকে স্বস্তি দিতে দাম বাড়ায়নি।
দেশের বাজারে এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯৫ থেকে ৯৮ টাকা দরে। ঈদুল আজহার আগে বাংলাদেশ এডিবল অয়েল তাদের রূপচাঁদা ব্র্যান্ড ও মেঘনা গ্রুপ তাদের ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন তেলের দাম লিটারে এক টাকা বাড়িয়েছিল। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শে তা কমিয়ে দেয়। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে তেল বিপণনকারী কোম্পানিগুলো ঈদের আগে দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছিল। তবে ঈদ চলে যাওয়ার পর এবার তারা দাম বাড়াতে চাইছে।
ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ ট্যারিফ কমিশনে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে কোম্পানিগুলোর প্রধানদের সঙ্গে এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তাদের ট্যারিফ কমিশনের সঙ্গে বসার পরামর্শ দেন। সে অনুযায়ী এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ক একটি বিজ্ঞপ্তি ট্যারিফ কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের পণ্যের দামের তালিকা অনুযায়ী, গত জানুয়ারি মাসে সয়াবিন তেলের গড় দাম ছিল টনপ্রতি ৭২৬ ডলার। গত আগস্ট মাসে তা বেড়ে ৮১২ ডলার হয়েছে। এ হিসাবে দাম বেড়েছে প্রায় ১২ শতাংশ। অন্যদিকে গত জানুয়ারিতে পাম তেলের দাম ছিল টনপ্রতি ৫৬৫ ডলার, যা আগস্টে গড়ে ৭৩৬ ডলারে বিক্রি হয়েছে। এ হিসেবে দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ।
বাংলাদেশ এডিবল অয়েল তাদের আমদানি মূল্যের একটি হিসাব প্রথম আলোকে দিয়েছে, যা বিশ্বব্যাংকের দরের কাছাকাছি। তাদের দেওয়া দর অনুযায়ী, গত জানুয়ারিতে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম ছিল ৭১০ ডলার। সেপ্টেম্বরে তা বেড়ে গড়ে ৮২০ ডলারে বিক্রি হয়েছে। এ হিসাবে দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ। অন্যদিকে পাম তেলের দাম জানুয়ারির তুলনায় ১৯০ ডলার বেড়ে ৭৭০ ডলারে উঠেছে বলে দাবি বাংলাদেশ এডিবল অয়েলের।
কোম্পানিটির বিপণন বিভাগের প্রধান শোয়েব মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববাজারে দাম ১৫ শতাংশ বাড়লেও আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শ ও সাধারণ মানুষের কথা চিন্তা করে সে হারে দাম বাড়াতে পারিনি। গত নয় মাসে লিটারে মাত্র দুই টাকা বেড়েছে। কিন্তু এখন মূল্য সমন্বয় করা জরুরি।’
বোতলজাত সয়াবিন তেলের দাম না বাড়লেও আগস্ট মাসে খোলা সয়াবিন তেলের দাম কেজিতে পাঁচ থেকে সাত টাকা বেড়েছিল।
গত জুলাই–আগস্ট মাসে ট্যারিফ কমিশন ভোজ্যতেলের কাঙ্ক্ষিত বাজারদর হিসাব করার ব্যয় বিবরণী হালনাগাদ করে। এতে প্রতি টন তেল পরিশোধনে অয়েল ট্যাংকারের ভাড়া, রাসায়নিকের দাম, বেতন ও মজুরি বাবদ ব্যয়, গ্যাস বিল, বিক্রয় ও বিজ্ঞাপন ব্যয় এবং মেরামত খরচ বাবদ ব্যয় ধরা হয় ২ হাজার ৮০০ টাকা। ২০১১ সালের ব্যয় বিবরণীর চেয়ে তা ৮৯ শতাংশ বেশি। এভাবে খরচ বাড়িয়ে ধরে বোতলজাত তেলের একটি কাঙ্ক্ষিত দামও হিসাব করেছিল ট্যারিফ কমিশন। তাদের হিসাবে, তখন প্রতি লিটার তেলের দাম হওয়া উচিত ছিল ৯২ টাকা। তবে বাজারে ছিল লিটারপ্রতি ৯৪ থেকে ৯৮ টাকা। এ ক্ষেত্রে এক লিটার ধারণক্ষমতার একটি বোতলের দাম ১৫ টাকা ও পাঁচ লিটারের ক্ষেত্রে ৭০ টাকা ধরছে কোম্পানিগুলো। অবশ্য এসব বোতল উৎপাদনে খরচ আরও কম বলে জানা গেছে।
এদিকে ৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস–সংক্রান্ত একটি মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় যে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশে তেলের দাম বাড়ানো অপরিহার্য হয়ে পড়লে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ অয়েল মিল অ্যাসোসিয়েশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এসব বিষয়ে জানতে চাইলে মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (বিপণন) আসিফ ইকবাল বলেন, বিশ্ববাজার থেকে বাড়তি দরে তেল আমদানি করে এখনকার দামে বিক্রি করলে লোকসান দিতে হবে। দেশের তুলনায় আন্তর্জাতিক বাজারে দাম বেশি হলে ব্যাংকগুলোও ঝুঁকিপূর্ণ মনে করে তেল আমদানিতে ঋণ দিতে চাইবে না।
এখন দাম বৃদ্ধি করতে না দিলে আমদানিকারকেরা আমদানি কমিয়ে দেবে বলে উল্লেখ করেন সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা। তিনি বলেন, এতে ভবিষ্যতে সংকট তৈরি হতে পারে। ট্যারিফ কমিশনের সঙ্গে বৈঠকে চিনির দাম বিষয়ে আলোচনা করা হবে উল্লেখ করে বিশ্বজিৎ সাহা বলেন, বিশ্ববাজারে চিনির দাম টনপ্রতি ৫৩০ ডলারে উঠেছে।