ভোটাভুটি ছাড়াই নতুন কমিটি বিজিএমইএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমঝোতার ভিত্তিতে কোনো ধরনের ভোটাভুটি ছাড়াই তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নতুন কমিটি গঠিত হলো। গতকাল বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাতজন সহসভাপতি নির্বাচনের মধ্য দিয়ে পুরো প্রক্রিয়াটি শেষ হয়েছে।

বিজিএমইএর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সিদ্দিকুর রহমান। স্টার্লিং গ্রুপের এই চেয়ারম্যান অতীতে বিজিএমইএর সহসভাপতি হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে সাত সহসভাপতি ও ২৭ পরিচালক নিয়ে সংগঠনটির নতুন কমিটি। নতুন কমিটি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে।

জানা যায়, বিজিএমইএর নেতৃত্ব-প্রত্যাশী দুই প্রতিদ্বন্দ্বী পক্ষ-সম্মিলিত পরিষদ ও ফোরামের নেতারা গত জুনে সমঝোতার ভিত্তিতে সংগঠনের কমিটি করার বিষয়ে একমত হন। দুই মেয়াদের জন্য তাঁদের এ সমঝোতা অনুযায়ী, ২০১৫-১৬ মেয়াদের নেতৃত্বের জন্য সম্মিলিত পরিষদ সভাপতি, চারজন সহসভাপতিসহ ১৪ পরিচালক এবং ফোরাম তিন সহসভাপতিসহ ১৩ পরিচালক পদ পাবেন। উভয় পক্ষের শীর্ষস্থানীয় নেতারা সেই সংখ্যক প্রার্থী বাছাই করে মনোনয়নপত্র জমা দেন। ফলে নির্বাচনের প্রয়োজন পড়েনি। গত আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৫ পরিচালক নির্বাচিত হন। আর সে জন্যই সংগঠনটির ঢাকা ও চট্টগ্রামের ২ হাজার ১৬১ সদস্য নেতা নির্বাচনে ভোটের অধিকার প্রয়োগ করতে পারেননি।

নির্বাচিত ৩৫ পরিচালকের মধ্য থেকে ভোটের মাধ্যমে সভাপতি ও সহসভাপতি নির্বাচনের জন্য গতকাল বিকেলে বিজিএমইএর নির্বাচনী বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বিজিএমইএর কার্যালয়ে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিনের সভাপতিত্বে এ সভায় একজন সভাপতি ও সাতজন সহসভাপতি পদের বিপরীতে সমানসংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ফলে কোনো ভোট ছাড়াই শীর্ষ পদগুলোর নির্বাচন শেষ হয়। এ সময় জাহাঙ্গীর আলামিন বলেন, ‘সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’

জানা যায়, প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে সমঝোতার আগেই গত ডিসেম্বরে সম্মিলিত পরিষদের নেতারা নিজেদের পক্ষ থেকে পরবর্তী সভাপতি হিসেবে সিদ্দিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়। এ ছাড়া গত জুনে সমঝোতা আলোচনা চূড়ান্ত হওয়ার পরপরই উভয় পক্ষের শীর্ষ নেতারা নিজেদের কোটায় কারা সহসভাপতি হবেন, সেটি চূড়ান্ত করেন। ফলে গতকালের নির্বাচন নিয়ে তেমন একটা কৌতূহল ছিল না।

নির্বাচিত সাত সহসভাপতি হচ্ছেন প্রথম সহসভাপতি মঈনউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান, সহসভাপতি এস এম মান্নান, মোহাম্মদ নাছির (অর্থ), মাহমুদ হাসান খান, ফেরদৌস পারভেজ বিভন এবং মো. ফেরদৌস। এঁদের মধ্যে মঈনউদ্দিন আহমেদ ও মো. ফেরদৌস চট্টগ্রামে দায়িত্ব পালন করবেন। সাত সহসভাপতির মধ্যে চারজন সম্মিলিত পরিষদ ও তিনজন এসেছেন ফোরাম থেকে।

সমঝোতার ভিত্তিতে কমিটি করার বিষয়ে সম্মিলিত পরিষদ ও ফোরামের নেতাদের দাবি, বর্তমান ও আগামী দিনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিএমইএর সচিবালয় ও বোর্ডকে শক্তিশালী করা দরকার। সে জন্যই যোগ্য ব্যক্তিদের নিয়ে আসতে এ ধরনের একটি উদ্যোগ দরকার। অবশ্য সংগঠনের একাধিক নেতা মনে করেন, ভোটাধিকার না থাকলে সদস্যদের কাছে সংগঠনের নেতাদের জবাবদিহি ও দায়বদ্ধতার জায়গাটি থাকে না। এমনকি তাঁরা ভুল করলে কৈফিয়তও চাইতে পারেন না ভোটাররা।