ভোলায় ব্যাংক এশিয়ার কৃষি কার্ড বিতরণ
উপকূলীয় জেলা ভোলায় তৃণমূল পর্যায়ে কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। এ কার্ডের মাধ্যমে বেসরকারি সংস্থা গ্রামীণ জন-উন্নয়ন সংস্থার (জিজেইউএস) সহযোগিতায় ব্যাংক এশিয়া থেকে মোট এক হাজার কৃষক সহজ শর্তে ও কম সুদে ঋণ পাবেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল রোববার ভোলা সদরে ব্যাংক এশিয়া মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে যে কলঙ্কের বোঝা বাংলাদেশের ওপর চাপানো হয়েছে, এখন কানাডার কোর্টে প্রমাণিত হয়েছে, বাংলাদেশ সরকার কোনো অপরাধ করেনি। অপরাধ করেছে বিশ্বব্যাংক। তাই সব মহলে দাবি উঠেছে, বিশ্বব্যাংকের ক্ষমা চাওয়া উচিত।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ রউফ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাখাওয়াত রহমান, এ এম নুরুল ইসলাম চৌধুরী, নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এম হোসেন প্রমুখ।
ইউএসআইডির কৃষি সম্প্রসারণ সহযোগিতা কর্মসূচির আওতায় এই কৃষি কার্ড (অ্যাগ্রিকালচার কার্ড) দেওয়া হচ্ছে।
তোফায়েল আহমেদ বলেন, ‘ভোলায় দুটি কাজ অসমাপ্ত রয়েছে। একটি নদীভাঙন প্রতিরোধ, অন্যটি ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ। ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছে। অন্যটি বাস্তবায়নে ১৪ ফেব্রুয়ারি একনেকের বৈঠকে ভোলা-বরিশাল সেতুর কথা তুলেছিলাম। আশা করছি, বর্তমান সরকারের আমলেই ব্রিজের কাজ শুরু হবে। তখন ভোলা আর বিচ্ছিন্ন দ্বীপ থাকবে না, মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলায় প্রচুর গ্যাস আছে। সরকার ভোলায় ৪৮৪ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ইতিমধ্যে ২৫৯ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে। বাকি ২২৫ মেগাওয়াট উৎপাদন করবে ভারতের একটি কোম্পানি।